তেলের দাম কমলে বাসভাড়াতেও প্রতিফলন চাই: প্রতিমন্ত্রী
তেলের দাম কমানোর পর সরকার পরিবহনের ভাড়াতেও তার প্রতিফলন দেখতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেছেন, “জ্বালানি তেলের দাম কমানোর সরাসরি সুফল হিসেবে পরিবহনের ভাড়া কমার কথা। কিন্তু বাস্তবে তা দেখি না। এবার আমরা সেই সুফল দেখতে চাই।”
রোববার ঢাকায় এক সেমিনারের পর তেলের দাম কমার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সপ্তাহে আবারও তেলের দাম কমানোর আভাস দেন। আর রোববার তিনি সিলেটে সাংবাদিকদের বলেন, কো-অর্ডিনেশন কাউন্সিলের সভার পর ডিসেম্বরেই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম কতটা কমানো যায়, সে বিষয়টি সরকার এখনও পর্যালোচনা করে দেখছে।
দাম কতটা কমবে, কতদিনের মধ্যে তা কার্যকর হবে- সেসব বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি।
বিশ্ববাজারে দুই বছর ধরে তেলের দরপতন চললেও ভর্তুকির লোকসান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে তুলতে দীর্ঘদিন দাম অপরিবর্তিত রাখে সরকার।
এরপর চলতি বছর ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমায় সরকার। তার কয়েকদিন আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।
সে সময় ডিজেলচালিত দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা হারে কমানো হয়; তাতে প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৪৫ পয়সা থেকে কমে এক টাকা ৪২ পয়সা হয়।
ওই সিদ্ধান্তের ফলে দূর পাল্লার বাসে গন্তব্য অনুযায়ী ভাড়া কমেছে তিন থেকে চার টাকা। আর ঢাকা ও চট্টগ্রামে পাবলিক বাসের যাত্রীরা তেলের দাম কমার কোনো সুফল পাননি।
যাত্রী কল্যাণ সমিতি সে সময় ভাড়া কমানোর ওই ঘোষণাকে ‘আইওয়াশ’ বলেছিল। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘বাস্তবতার নিরিখে’ বাসভাড়া নির্ধারণ না করে বিআরটিএ ভুল করেছে।
সাংবাদিকদের প্রশ্নে নসরুল হামিদ বিপু বলেন, সিলিন্ডারে বিক্রি হওয়া গ্যাস (এলপিজি) কী করে সাধারণ মানুষের জন্য আরও একটু সহজলভ্য করা যায়, সে বিষয়েও সরকার ভাবছে।
বাংলাদেশে কৃষিখাতের বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের চ্যালেঞ্জ নিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন এই সেমিনারের আয়োজন করে।
অন্যদের মধ্যে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটিভিনটার, টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সিদ্দিক জোবায়ের, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার ওয়েনডি ওয়র্নার সেমিনারে বক্তব্য দেন।
