প্রথম সভায় বসছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের প্রথম সভা হবে বুধবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পদাধিকার বলে প্রধানমন্ত্রীই সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
বিনিয়োগের গতি বাড়ানোর লক্ষ্যে বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার।
কর্তৃপক্ষের প্রথম নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. আমিনুল ইসলাম; যিনি এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। গত ২১ অগাস্ট মন্ত্রিসভার অনুমোদনের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন গত ২৫ জুলাই জাতীয় সংসদে পাস হয়।
এদিকে চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে বিনিয়োগ বেড়েছে বলে বিডার পরিসংখ্যানে দেখা গেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ১৭৬ শতাংশের বেশি বেড়েছে। তবে স্থানীয় বা দেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশের মতো।
বিডার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে ৩০৫টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার ৩৫১ কোটি টাকা।
বিনিয়োগের এই অঙ্ক আগের তিন মাস এপ্রিল-জুন সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বা ১০ হাজার ১৭ কোটি টাকা বেশি।
চলতি ২০১৬ সালেরএপ্রিল-জুন সময়ে বিডায় নিবন্ধিত মোট ৪৪৪টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪০ হাজার ২৩৪ কোটি টাকা।
