২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি বাড়ি একটি খামার’ বিলুপ্তির সময় ঠিক করবে সরকার

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প কখন পল্লী সঞ্চয় ব্যাংকে একীভূত হবে, সেই সময় নির্ধারণ করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 09:00 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

গত ৩০ জুনের পরে প্রকল্পটি বিলুপ্ত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে একীভূতের কথা থাকলেও আইন সংশোধন করে সময়ের সেই ‘বাধা’ তুলে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সম্পর্ক রয়েছে। একটি বাড়ি একটি খামার থেকেই ২০১৪ সালে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়।”

পল্লী সঞ্চয় ব্যাংক আইনের ৩৯ ধারায় বলা ছিল, ২০১৬ সালের ৩০ জুনের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হবে। বিলুপ্ত প্রকল্পের সব সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, অর্থ, কর্মসূচি এবং দায় পল্লী সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে।

এই আইন সংশোধন না করেই গত ২৫ অক্টোবর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ চার বছর বাড়িয়ে আট হাজার ১০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

ওইদিন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি পল্লী সঞ্চয় ব্যাংক আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় ওই প্রকল্প চলবে। দেশে যতদিন দারিদ্র্য দূর না হবে, ততদিন এ প্রকল্প চলবে।

শফিউল আলম বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংক আইনে ২০১৬ সালের ৩০ জুনের পরে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বিলুপ্ত হয়ে ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে সে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সময়ের বাধা উঠিয়ে দেওয়া হয়েছে।

“সরকার যখন সময় নির্ধারণ করবে তখন প্রকল্পগুলো ব্যাংকে চলে আসবে।”

পল্লী সঞ্চয় ব্যাংক আইনের সংশোধনী ২০১৬ সালের ৩০ জুন থেকে কার্যকর ধরা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, সংসদ অধিবেশন না থাকায় সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।

সমন্বিত গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যাবলির কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার প্রয়াসে ১ হাজার ১৯৭ কোটি টাকা ব্যয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি নিয়েছিল আওয়ামী লীগ সরকার।

২০০৯ থেকে শুরু করে ২০১৪ সালে শেষের কথা থাকলেও পরে ব্যয় ১ হাজার ৪৯২ কোটি টাকা বাড়ানো হয়। এরপর দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৩ হাজার ১৬২ কোটি টাকায় উন্নীত করে মেয়াদ ২০১৬ সালে জুন পর্যন্ত বাড়ানো হয়।

পুরনো খবর:

জটিলতা রেখেই মেয়াদ বাড়ল ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের