কর মেলার চতুর্থ দিনে আদায় ২০৪ কোটি টাকা
জাতীয় আয়কর মেলার চতুর্থ দিনে ২০৪ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৭৩৮ টাকা কর আদায় হয়েছে।
এনিয়ে এবারের মেলার চার দিন মোট এক হাজার ১৫৭ কোটি ৩৯ হাজার ৭৩২ টাকা আয়কর আদায় হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের তিন দিনে মেলায় মোট ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকার আয়কর আদায় হয়।
আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী এ মেলা চলছে।
এনবিআর জানিয়েছে, চতুর্থ দিনে আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন ২৯ হাজার ৩০৬ জন; যেটা গতবছরের চতুর্থ দিনের তুলনায় ৯ দশমিক ৩৬ শতাংশ বেশি।
মেলায় অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম নতুন আকর্ষণ হিসেবে রয়েছে। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মাঝে ব্যাপক সাড়াও রয়েছে।
এদিকে শনিবার পঞ্চম দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত মেলা চলবে। সোমবার এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
