দ. এশিয়ার শীর্ষ অর্থনীতিবিদরা মিলছেন ঢাকায়
নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটে এই অঞ্চলের শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদ ও রাজনীতিকরা মিলিত হচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আগামী শনিবার থেকে ঢাকার লো মেরিডিয়ান হোটেলে দুই দিনের এই সম্মেলন হবে।
‘২০৩০ সালে কেমন দক্ষিণ এশিয়া দেখতে চাই’-সেই ভাবনা আলোচকরা তুলে ধরবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ওই সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ও গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “২০৩০ সালের মধ্যে আমাদের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনে সাহায্য করবে এই সামিট।”
সম্মেলনের বিভিন্ন সেশনে এসডিজির ১৭টি লক্ষ্য নিয়ে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, “২০৩০ সালে আমরা কোন ধরনের দক্ষিণ এশিয়া দেখতে চাই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে শীর্ষ চিন্তাবিদরা আলোচনা করবেন।”
দক্ষিণ এশিয়ার বিভিন্ন সমস্যা এবং এখানকার আর্থ-সামাজিক-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ২০০৮ সালে সাউথ এশিয়া ইকোনোমিক সামিট (এসএইএস) আত্মপ্রকাশ করে।
বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), শ্রীলঙ্কার ইনিস্টিটিউ অব পলিসি স্টাডিজ, ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ, পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউ, নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিকস অ্যান্ড ইনভায়রনমেন্ট এর প্রতিষ্ঠাতা সদস্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, সামিটে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে চারটি প্লেনারি সেশন এবং নয়টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রতিটি সেশনেই উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সিপিডির নির্বাহী পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, “সব কিছু পূরণ না হলেও সার্ক থেকে সাফল্য এসেছে। এবারই যে সার্ক সম্মেলন স্থগিত হয়েছে তা নয়। এর আগেও সার্ক সম্মেলন স্থগিত হয়েছে। তাই বলে সার্কের গুরুত্ব বা প্রয়োজনে ঘাটতি রয়েছে তা নয়। সার্কের গুরুত্ব সবার উপরে।”
