চুক্তিতত্ত্বের গবেষণায় অর্থনীতির নোবেল জয়
আধুনিক অর্থনীতি শত সহস্র চুক্তিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা; আর চুক্তির সঙ্গে অর্থনীতির এই সম্পর্কের তত্ত্বতালাশে নোবেল জিতে নিয়েছেন দুই গবেষক।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার এই পুরস্কারের জন্য ব্রিটিশ নাগরিক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেংক্ট হলস্ট্রম এর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছেন, কন্ট্রাক্ট থিওরি নিয়ে এই দুই গবেষকের কাজ বাস্তব জীবনের বিভিন্ন চুক্তি ও এর প্রাতিষ্ঠানিক ব্যবহার বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চুক্তি কাঠামোর সম্ভাব্য জটিলতা চিহ্নিত করতেও তাদের তত্ত্ব কাজে এসেছে।
১৯৪৮ সালে লন্ডনে জন্ম নেওয়া হার্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। আর বেংক্ট হলস্ট্রম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনার অধ্যাপক।
আলাদাভাবে কাজ করে তারা এমন কিছু তত্ত্বীয় কৌশল উদ্ভাবন করেছেন, যাতে বোঝা যায় কখন সরকারি কর্মচারীদের নির্দিষ্ট বেতন দিলে ভালো কাজ পাওয়া যাবে, আর কখন তাদের বেতন ঠিক করতে হবে কর্মদক্ষতার ভিত্তিতে। সেবাখাত বেসরকারি হাতে ছেড়ে দেওয়া কখন যুক্তিযুক্ত হবে- সে বিষয়টিও তারা বিশ্লেষণ করে দেখিয়েছেন।
চুক্তি আর প্রণোদনা করপোরেট খাতকে কতোটা প্রভাবিত করে, সেই গবেষণার জন্য অধ্যাপক হলস্ট্রম সবচেয়ে বেশি পরিচিত।
আর হার্টের গবেষণার কেন্দ্রে ছিল সেবাখাতের বিরাষ্ট্রীকরণ এবং দুই কোম্পানির একীভূতকরণের মত বিষয়ের চুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক বিশ্লেষণ।
নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই গবেষকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
ভোক্তার রুচি বিশ্লেষণ করে দারিদ্র্য নির্মূলের পথ দেখানোয় গতবছর অর্থনীতির নোবেল পান ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডিটন।
