ঈদের আগে তিনদিন কাস্টমস হাউজ খোলা
কোরবানির ঈদের আগে সরকারি ছুটির মধ্যে তিনদিন দেশের সব কাস্টমস হাউজ খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ৯, ১০ এবং ১১ সেপ্টেম্বর (শুক্র, শনি এবং রোববার) ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও ও বেনাপোল কাস্টমস হাউজ এবং আইসিডি কমলাপুর ও কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা ও চট্টগ্রাম) খোলা থাকবে বলে সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, রপ্তানীমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে এই তিন দিন এসব কাস্টমস হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই উদ্দেশ্যে এসব কাস্টম হাউজ/স্টেশনে সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যক স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কমিশনারগণ তাদের দপ্তরের ন্যূনতম সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা এবং কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অবহিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে নির্দেশনা জারি করেছে রাজস্ব বোর্ড।
৯ ও ১০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১১ সেপ্টেম্বর রোববার সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।
