২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ডের ভোক্তা জরিপে আশাব্যঞ্জক বাংলাদেশের অর্থনীতি

অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাস্টারকার্ডের পরিচালিত ভোক্তাদের মতামত জরিপে চলতি বছরের প্রথমার্থে বাংলাদেশের পরিস্থিতি আশাব্যঞ্জক হিসেবে দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে মাস্টারকার্ড ভোক্তা আস্থা সূচকে (এমআইসিসি) জরিপে বাংলাদেশের অবস্থানকে আগের ছয় মাসের তুলনায়ও ‘স্থিতিশীল’ রয়েছে বলা হয়।

বাংলাদেশসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশের ওপর চালানো জরিপের ফল নিয়ে প্রকাশিত প্রতিবেদন বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে তুলে ধরেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

তিনি বলেন, ভোক্তাদের মতামতে কোনো দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা ফুটে না উঠলেও এটি বিনিয়োগকারীদের প্রভাবিত করে। তারা সাধারণ মানুষের এধরনের চিন্তাকে বিবেচনায় রাখেন।

আগের বছরের শেষার্ধের তুলনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯টি দেশের পরিস্থিতি স্থিতিশীল বলে ভোক্তা জরিপের প্রতিবেদনে বলা হয়।আর ৭টি দেশে ২০১৫ সালের দ্বিতীয়ার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ভোক্তাদের আস্থা কমেছে।

জুন ও জুলাইতে চালানো এই জরিপে ১৭টি দেশের ১৮ থেকে ৬৪ বছর বয়সী মোট ৮ হাজার ৭৪৬ জন লোকের মতামত নেওয়া হয় বলে জানিয়েছে মাস্টারকার্ড।

এসব মানুষকে নিজ নিজ দেশের অর্থনীতি, কর্মসংস্থানের সম্ভাবনা, দৈনিক আয়ের সম্ভাবনা, শেয়ারবাজার ও জীবনযাত্রার মান নিয়ে জানতে চাওয়া হয়।

মাস্টারকার্ড ২০ বছর ধরে ইনডেক্স অব কনজ্যুমার কনফিডেন্স (এমআইসিসি) জরিপের ফল প্রকাশ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানান হয়।

শূন্য থেকে ১০০ নম্বরের ভিত্তিতে এই সূচকে পরিস্থিতি নির্ধারণ করা হয়। এর মধ্যে ০ একেবারে নিরাশার বা চরম হতাশাপূর্ণ, ৫০ হলো নিরপেক্ষ ও ১০০ সর্বোচ্চ আশাবাদের।

বাংলাদেশের অর্থনীতি ৭১ দশমিক ৬ পয়েন্ট পেয়ে ভোক্তাদের চোখে আশাব্যঞ্জক পরিস্থিতিতেই রয়েছে। আর গত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায় এই ভোক্তা আস্থা সূচকে ৪ দশমিক ৩ শতাংশ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

আশাব্যঞ্জক পরিস্থিতিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভোক্তা আস্থা সূচকে ভারত ৯৭ দশমিক ৬ পয়েন্ট, ফিলিপিন্স ৯৫ দশমিক ২ পয়েন্ট, ভিয়েতনাম ৯৪ দশমিক ৯ পয়েন্ট, মিয়ানমার ৯৯ দশমিক ৮ পয়েন্ট ও চীন ৭৬ দশমিক শূন্য পয়েন্ট পেয়েছে।

ইন্দোনেশিয়ায়ও এই পরিস্থিতিতে থাকলেও আস্থা সূচকে পয়েন্ট গতবছরের ছয় মাসের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৮ শতাংশে নেমেছে।

এর পরই রয়েছে হংকং ও সিঙ্গাপুর।এসব দেশে কর্মসংস্থানের দুর্বল সম্ভাবনাই ভোক্তাদের আস্থা কমিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে।