রেমিটেন্স প্রবাহে ‘ধাক্কা’
অর্থবছরের শুরুতেই রেমিটেন্স প্রবাহে ‘ধাক্কা’ লেগেছে।
২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ৩১ শতাংশ বা ৪৬ কোটি ডলার কম।
একক মাসের হিসাবে গত চার বছরে এত কম পরিমাণ রেমিটেন্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ বিভিন্ন দেশ থেকে আসা রেমিটেন্স প্রবাহের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে এ তথ্য পাওয়া গেছে।
রোজার ঈদের পর মাস হওয়ায় রেমিটেন্স কম এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এছাড়া ডলারের বিপরীতে অনেক দেশের মুদ্রার মান কমেছে। সৌদি আরবে তেলের দামও কমে গেছে। ফলে সার্বিকভাবে প্রবাসীদের আয় কমে গেছে।”
সামনের মাসগুলোতে রেমিটেন্স বাড়বে বলে প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সদ্য শেষ হওয়া জুলাই মাসে প্রবাসীরা ১০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আগের মাস জুনে পাঠিয়েছিলেন ১৪৬ কোটি ডলার।
সে হিসাবে রেমিটেন্স কমেছে ৩১ শতাংশ।
২০১৫ সালের জুলাই মাসে প্রবাসীরা ১৩৯ কোটি ডলার রেমিটেন্স পাঠান। ২০১২ সালের জুলাইয়ে ১২০ কোটি ডলার, ২০১৩ সালের জুলাইয়ে ১২৩ কোটি ডলার, ২০১৪ সালের জুলাইয়ে ১৪৯ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
গত ৩০ জুনে শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল আগের বছরের চেয়ে ২ দশমিক ৫৫ শতাংশ কম।
তার আগে ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৫৩১ কোটি ডলার, ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৪২২ কোটি ডলার এবং ২০১২-১৩ অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ছিল ১ হাজার ৪৪৬ কোটি ডলার।
তবে রেমিটেন্স কম এলেও কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে।
বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৩০ বিলিয়ন ডলার।
মাস খানেক আগে রিজার্ভ প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে এসেছিল।
গত কয়েক দিনে তা বেড়ে আবার ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে।
