রেকর্ড বিদেশি সহায়তা
দাতা দেশ ও সংস্থার কাছ থেকে রেকর্ড পরিমাণ বিদেশি সহায়তার অর্থ ছাড় হয়েছে গত অর্থবছরে।সেই সঙ্গে প্রতিশ্রুতি আদায়েও হয়েছে রেকর্ড।
২০১৫-২০১৬ অর্থবছরে প্রায় সাত বিলিয়ন (৬৯৯ কোটি ৭০ লাখ) ডলারের প্রতিশ্রুতি এসেছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১ বিলিয়ন ডলার বেশি।
সেবছর প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি ডলারের।
এর আগের অর্থবছরে (২০১৪-২০১৫) ৫২৫ কোটি ৮৪ লাখ ডলারের প্রতিশ্রুতি এসেছিল। তারও আগের অর্থবছরে এই অংক ছিল ৫৮৪ কোটি ৪২ লাখ ডলার।
এদিকে গত অর্থবছরে ৩৪১ কোটি ৫০ লাখ ডলারের অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা নিয়ে মোট ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলার ছাড় করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৪০ কোটি ডলার বেশি।
আর এর আগের দুই অর্থবছরে ছাড় হয়েছিল যথাক্রমে ৩০৪ কোটি ৩০ লাখ ডলার ও ৩১২ কোটি ২০ লাখ ডলার।
ইআরডি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোরকে এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একইসঙ্গে অনেকগুলো মেগা প্রকল্প সমান্তরালভাবে বাস্তবায়নের ফলে বেশি অর্থ খরচ করছে। ফলে বৈদেশিক অর্থ ছাড়ের রেকর্ড হয়েছে।”
প্রকল্প বাস্তবায়নে যুক্ত সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ফলে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হচ্ছে বলেও তার অভিমত।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিসপ্তাহে একনেক বৈঠক করে প্রকল্প অনুমোদন দেওয়ার পাশাপাশি সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করছেন।”
এসব কারণেই রেকর্ড বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে বলে মনে করেন এম এ মান্নান ।
এদিকে গত অর্থবছরে দাতাদের কাছে পুঞ্জিভূত পাওনা পরিশোধ বাবদ ফেরত দেওয়া হয়েছে ১০৪ কোটি ৪৪ লাখ ডলার।
এরমধ্যে আসল হিসেবে পরিশোধ করা হয়েছে ৮৪ কোটি ২০ লাখ ডলার এবং বাকি ২০ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করা হয়েছে সুদ হিসেবে।
এ পাওনা পরিশোধের পর নিট বৈদেশিক সহায়তা গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ কোটি ৭৮ লাখ ডলার।
