এই রাজস্ব দিয়ে সেবা দেওয়া সম্ভব না: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে সরকার যে রাজস্ব আদায় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভবপর নয়।
রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নে এই উত্তর দেন তিনি।
সরকারি সেবার আওতা ও মান বাড়াতে রাজস্ব আদায় বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে আসছেন মুহিত।
চলতি অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “আমরা সব সময় সরকার কী সেবা দিল তা নিয়ে হৈ চৈ করি, দাবি করি। কিন্তু সরকার সেবা দিতে গেলে যে রাজস্ব প্রয়োজন, সেটা নিয়ে মোটেই মাথা ঘামাই না। তাই একটু বেশি রাজস্ব দিলে মন্দ হয় না।”
পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে আয়োজিত এই সভায় এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর পরিবেশসম্মত কারখানা করতে কম সুদে ঋণের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানান।
২০১৫-১৬ অর্থবছরের ১ লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানে মুহিত ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে আশাও প্রকাশ করেন।
“আমাদের এখন মূল লক্ষ্য প্রবৃদ্ধি অর্জন, আমরা সেদিকেই বেশি মনোযোগ দেব। তবে সে প্রবৃদ্ধি ছোট ছোট ঋণ বা ছোট উদ্যোগে হবে না, এর জন্য দরকার বড় বড় কারখানা, যেখানে উৎপাদন হবে, অনেক মানুষের কর্ম সংস্থান হবে, আমরা সেদিকে বেশি আগ্রহী।”
জনসংখ্যা সীমিত রাখার উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা আগামী ৫০ বছরে কোনোভাবেই ২০ কোটির মাত্রা ছাড়ানো উচিৎ হবে না।
মতিঝিলে চেম্বার ভবনে অনুষ্ঠিত এই সভায় পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে দুটি উপস্থাপনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবু ইউসুফ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
