ওয়ান স্টপ সার্ভিস চালু করছে বেজা
বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় শিল্পদ্যোক্তাদের সহজে দ্রুত সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
এজন্য তৈরি করা একটি খসড়া নীতিমালা অনুমোদনের জন্য বুধবার বেজার নির্বাহী বোর্ডের সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই নীতিমালা অনুমোদন পেলে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয় ধাপগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।
“ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক চালু হলে সেবা খাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা একই ছাদের নিচে থাকবেন। ফলে সেবা গ্রহিতারা হয়রানিমুক্তভাবে তাদের কাজ এগিয়ে নিতে পারবেন।
বেজার কর্মকর্তারা জানান, অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার ও শিল্প ইউনিটগুলো যাতে স্বল্প সময়ে লাইসেন্স, পারমিট, ছাড়পত্র ও অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পায় তা নিশ্চিত করতেই ওএসএস ডেস্ক স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ডেস্ক চালু হলে সেবাপ্রত্যাশী ডেভেলপার বা শিল্প উদ্যোক্তারা বেজার কেন্দ্রীয় দপ্তরে বা শাখা অফিসে আবেদন করলে ওএসএস ডেস্কের মাধ্যমে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোনীত কর্মকর্তার কাছে পাঠিয়ে প্রয়োজনীয় কাগজ পেতে সহায়তা করবে।
বাংলাদেশ ইকোনমিক জোনস (ওয়ান স্টপ সার্ভিস) নীতিমালার প্রস্তাবিত খসড়ায় বলা হয়, প্রত্যেক কর্তৃপক্ষকে আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নোডাল অফিসার) আবেদন নিষ্পত্তি করতে ব্যর্থ হলে সেন্টিনাল কমিটি নামে বিশেষ কর্তৃপক্ষ যথোপযুক্ত আদেশ দিতে পারবে।
খসড়ায় নোডাল অফিসার, ওএসএস ডেস্ক, সেন্টিন্যাল কমিটির ক্ষমতা ও কার্যপরিধি, আবেদনকারীর পক্ষ থেকে পুনঃবিবেচনার আবেদন দাখিল, অবহেলা ও বিধিমালা প্রতিপালনে ব্যর্থতাকে অসদাচরণ হিসাবে গণ্য করা এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, কৃষিজমি রক্ষা করে পরিকল্পিত শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিসহ বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে ২০১০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগে ইতোমধ্যেই ৪৭টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। আরও ৩১টি অঞ্চল প্রতিষ্ঠায় একটি প্রস্তাবনা বেজার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
