ই-কর্মাস কমাবে দুর্নীতি: মুহিত
ই-কর্মাসকে দুর্নীতি কমানোর বড় প্রতিশেধক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, “আমাদের জাতীয় ব্যাধি হচ্ছে ঘুষ। এই ঘুষ-দুর্নীতি কমিয়ে আনতে বড় প্রতিশেধক হচ্ছে ই-কর্মাস। লেনদেনে ই-পেমেন্ট পদ্ধতি অনুসরণ করতে পারলে দুর্নীতি অনেক কমে আসবে।
যে করেই হোক আমাদের এই পদ্ধতি অনুসরণ করতেই হবে।”
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশেল প্রথম গ্লোবাল ওয়েব পোর্টাল এনআরবি বাইসেল ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে মুহিত একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর যে, আমরা আইসিটি ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি। এবারের বাজেটেও এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
বর্তমানে ৩ ট্রিলিয়ন ডলারের ই-কমার্সের বিশ্ব বাজারে বাংলাদেশের অংশগ্রহণ একেবারে নগণ্য বলে মন্তব্য করেন মুহিত।
জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা আইসিটি সেক্টরকে শুধু আমদানি নির্ভর না করে রপ্তানির জন্য উৎপাদনমুখী করতে চাই। শুধু ভোক্তা বা ডিস্ট্রিবিউটর হব না, উৎপাদন করে আইটি পণ্য সারা বিশ্বে বিক্রি করব।”
তিনি বলেন, বাংলাদেশে ই-কর্মাসের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বা সক্ষমতা। বর্তমান সরকার মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে দারিদ্র্য দূর করে সাড়ে ৪ কোটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে, অভিবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূতরা এনআরবি বাইসেল ডটকম পোর্টালের মূল গ্রাহক। তবে বিশ্বের যেকোনও দেশের যে কেউ এই পোর্টাল থেকে তার পছন্দের পণ্য কিনতে পারবেন।
ক্রয় করা পণ্য বিশ্বের ২২০টি দেশের যেকোন শহরে যেকোন ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
২৬টি মার্চেন্ট এবং হাজার খানেক পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে পোর্টালটি। এরই মধ্যে ৬১টি স্থানীয় মার্চেন্ট এবং ৫টি ওভারসিজ মার্চেন্ট চুক্তিবদ্ধ হয়েছে।
