২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে মৎস্য সম্পদ জরিপ শুরু নভেম্বরে

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মৎস্য সম্পদ জরিপের কাজ আগামী নভেম্বর মাসে শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নে তিনি জানান, এই জরিপ কাজের জন্য ‘আর ভি মিন সন্ধানী’ নামের একটি আধুনিক প্রযুক্তির গবেষণা ও জরিপ জাহাজ ৯ জুন মালয়েশিয়া থেকে চট্টগ্রাম পৌঁছেছে।

মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিস্পত্তি হওয়ায় বর্তমানে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র ও ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল রয়েছে বাংলাদেশের অধিকারে।

এর মধ্যে তটরেখা থেকে ৪০ মিটার গভীরতা পর্যন্ত প্রথম পর্যায়ে ৩২ হাজার ৪৪০ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ৬৮ হাজার যান্ত্রিক ও অযান্ত্রিক ছোট ট্রলার এবং জেলে নৌকা মাছ ধরে। আর ৪০ মিটারের পর থেকে দুটি স্তরে মাছ ধরতে পারে সরকার অনুমোদিত ২৪১টি বাণিজ্যিক ট্রলার।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষের জীবনযাত্রা মাছ চাষ ও বাণিজ্যিক পরিবহণের মতো সমুদ্র অর্থনীতির কার্যক্রমের উপর নির্ভরশীল।  

অধিবেশনের শুরুতে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন।

Image
কক্সবাজারের ফিশারি ঘাটে বিক্রির হাঙ্গর। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের ফিশারি ঘাটে বিক্রির হাঙ্গর। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
কক্সবাজারের ফিশারি ঘাটে বিক্রির অপেক্ষায় নানান সামুদ্রিক মাছ। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের ফিশারি ঘাটে বিক্রির অপেক্ষায় নানান সামুদ্রিক মাছ। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “নভেম্বরে সাগরের আবহাওয়া অনুকূল থাকবে। সে সময়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় ভাসমান ও তলদেশে কী পরিমাণ মাছ রয়েছে, সে বিষয়ে জরিপ চালানো হবে। এ কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

তিনি জানান, ১৯৭৩ সালে রাশিয়ার ট্রলারের মাধ্যমে সমুদ্রে ভাসমান ও তলদেশে মজুদ মাছের পরিমাণ জানতে জরিপ চালানো হয়েছিল। এরপর আর কোনো জরিপ হয়নি। 

সফুরা বেগমের প্রশ্নে ছায়েদুল হক বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ৮৩ হাজার ৫২৪ টন মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে হিমায়িত চিংড়ি ৪৪ হাজার ২৭৮ টন।

‘তিস্তার পানি বণ্টন চুক্তির চেষ্টা অব্যাহত’

এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের প্রচষ্টা অব্যাহত রয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকালে শুকনো মৌসুমে তিস্তা নদীর পানি স্বল্পতার কারণে দু’দেশের জনদুর্ভোগের কথা অনুধাবন করে জরুরিভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন মর্মে যৌথ ইশতেহারে উল্লেখ করা হয়েছে।”

ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয় ২০১০ সালের ১৭-২০ মার্চ। সেটি ছিল ৩৭তম বৈঠক।

তবে এই সময়ের মধ্যে সচিব পর্যায়ে তিনটি, গঙ্গানদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন বিষয়ে গঠিত যৌথ কমিটির ১৮টি, যৌথ নদী কমিশনের কারিগরি পর্যায়ে ৮টি, টিপাইমুখ নিয়ে কমিশনের সাব-গ্রুপের তিনটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হয়েছে।

মন্ত্রী আনিসুল বলেন, “অচিরেই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন করা হবে বলে আশা করা যাচ্ছে। ভারতের সাথে আলোচনাপূর্বক চুক্তি স্বাক্ষরের প্রচষ্টা অব্যাহত রয়েছে।”

পুরনো খবর:

৬৫ দিন সাগরে বাণিজ্যিক মৎস্য আহরণ নিষিদ্ধ
‘ব্লু ইকোনমি খুলে দিতে পারে নতুন দিগন্ত’
সামুদ্রিক মাছ