২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়গুলোর বেশি ব্যয় অভ্যাসগত: রুস্তম আলী ফরাজী

অভ্যাসগত এবং অস্বচ্ছতা ও অনিয়মের কারণে মন্ত্রণালয়গুলো অতিরিক্ত ব্যয় করে বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:27 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “অভ্যাসগত কারণে মন্ত্রণালয়গুলো বাজেটের অতিরিক্ত ব্যয় করে থাকে। এর কারণ সময়মতো টেন্ডার ডাকা হয় না। বিলম্বে কাজ শুরু করা হয়। ততক্ষণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তার সঙ্গে আছে মন্ত্রণালয়ের অস্বচ্ছতা ও অনিয়ম।”

মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ করে রুস্তম আলী ফরাজী বলেন, “সিএজি কী করে? তারা সঠিক সময়ে অডিট করে না। সরকারের কোথায় কী অনিয়ম হচ্ছে, সেটা আমরা জানতে পারি ৫/৬ বছর পরে।”

সরকারি দলের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর অনুমোদন না নিয়েই টাকা খরচের অভিযোগ করে বলেন, “সংবিধান অনুযায়ী বাজেটে পরিবর্তন-পরিমার্জনের এখতিয়ার সংসদের। কিন্তু ৩৮টি মন্ত্রণালয় সংসদের অনুমোদন না নিয়ে আগেই টাকা ব্যয় করে ফেলেছে। তাই সম্পূরক বাজেট অনুমোদনের আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো উচিত।”

বাজেট বাস্তবায়নে কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, গঠিত কমিশন বাজেট বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় করবে।

মহীউদ্দীন খান বলেন, “সরকার নিয়ম করেছে, রপ্তানি আয়ের তিন ভাগের এক ভাগ বাইরে বিনিয়োগ করা যাবে। বাস্তবে বিনিয়োগের নামে এই টাকা বাইরে পাচার হয়ে গেছে।”

এসময় তিনি ব্যাংকিং খাতের চুরি ও পুঁজিবাজারের জালিয়াতি রোধেও বিশেষ কমিশন গঠনের দাবি জানান। 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, “ব্যাংক ও পুঁজিবাজারে মারাত্মক সমস্যা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঁচ বছরের নিরীক্ষা আপত্তির পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। সেবা খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে।”

প্রকল্প গ্রহণে পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল না থাকার অভিযোগ করে তিনি বলেন, “রাষ্ট্রের আর্থিক বিভাগ চৌর্যবৃত্তিতে ভরে গেছে। এদেশে যারা পয়সাওয়ালা হিসেবে পরিচিত তারাই এসব চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত।

“বেসিক ব্যাংকের টাকা চুরির আলোচনা শেষ না হতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়ে গেছে। অর্থমন্ত্রী এসব বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন? বাজেট বক্তৃতায় তিনি জিরো টলারেন্সের কথা বললেও লুটেরাদের টিকিটিও স্পর্শ করতে পারছেন না।”

৩৮টি মন্ত্রণালয় বাজেটের অতিরিক্ত ব্যয় করায় প্রকল্পের কাজ শুরুর আগেই কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেছে অভিযোগ করে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বলেন, “ব্যয় করা টাকা অনুমোদনের জন্য মন্ত্রণালয়গুলো যে দাবি করেছে, সে বিষয়ে আমাদের আপত্তি আছে। কারণ অতিরিক্ত ব্যয় হওয়া প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। কাজে স্বচ্ছতা নেই। জবাবদিহিতা নেই।”

তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার বেহিসাবী খরচ করে না। সরকার কঠোর নজরদারির মাধ্যমে বাজেটের টাকা ব্যয় করেছে।