বাজেটে ‘গরমিল’: মির্জ্জা আজিজ
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রধান প্রধান খাতে নির্ধারিত লক্ষ্য ‘সঠিক’ হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
রোববার ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রফেসর রহিম বি তালুকদারের সভাপতিত্বে এই আলোচনায় মির্জ্জা আজিজ বলেন, “বাজেটে যে সমস্ত টার্গেট ধরা হয়েছে যেমন, রাজস্ব আয়, কর বহির্ভূত আয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সঞ্চয়পত্র বিক্রি- এগুলোতে যথেষ্ট গরমিল রয়ে গেছে।”
এই অর্থনীতিবিদের মতে, “কর আদায় ও এডিপি বাস্তবায়ন করা সম্ভব হবে না। আর সঞ্চয়পত্র বিক্রির যে টার্গেট রয়েছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি বিক্রি হবে।”
আসন্ন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
মির্জ্জা আজিজ বলেন, “প্রস্তাবিত বাজেটে সার্বিক যে কর কাঠামো ধরা হয়েছে সেটা সমতা ভিত্তিক সমাজ গঠনের জন্য খুব একটা সহায়ক না। অনেক ক্ষেত্রে পারস্পরিক সংঘর্ষ আমি দেখতে পেয়েছি।
“যেমন একদিকে গার্মেন্টেসে রপ্তানি উৎসাহিত করার জন্য করপোরেট ট্যাক্স কমানো হয়েছে। আবার অন্যদিকে সব রপ্তানিকারকদের জন্য উৎসে করা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দশমিক ৬ শতাংশ থেকে এক দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। এরকম আরও কিছু কিছু ক্ষেত্রে পারস্পরিক সংঘর্ষ রয়েছে।”
অবশ্য কিছু কিছু ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক বলে মনে করেন তিনি।
“আমি এই বরাদ্দ বৃদ্ধিকে সাধুবাদ জানাই। যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবহন খাত। আবার অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে বরাদ্দ কমেছে, যেটা কমানো উচিত ছিল না। সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি। এই খাতগুলোতে আরও বাড়ানো উচিত ছিল।”
জনপ্রশাসন, প্রতিরক্ষা এবং জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো যেত বলেও মনে করেন এই সাবেক অর্থ উপদেষ্টা।
আর সবচেয়ে বেশি কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে, ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা।
মির্জ্জা আজিজুল বলেন, “কিছু কিছু বড় প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি বিষয়ক প্রকল্প। আমাদের অতীতের অভিজ্ঞতা সেটা খুব একটা সন্তোষজনক নয়। আমি আশা করি সরকার আপ্রাণ চেষ্টা করবে এই প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়নের জন্য।”
তিনি বলেন, “আগামী এক বছরেতো এগুলো বাস্তবায়ন হবে না। সুতরাং এগুলো থেকে আগামী এক বছরের জন্য এগুলো থেকে যে কাঙ্ক্ষিত বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি সেটা আমরা আশা করতে পারি না। সেই একই কারণেই ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা আমার কাছে মনে হয় না অর্জন করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, “আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা পারফর্মেন্স বেইজড বাজেট নয়।”
তিনি বলেন, “বাজেটে কিছু অগ্রাধিকার সরকারের থাকে, আবার কিছু অগ্রাধিকার কিছু গ্রুপ ও প্রতিষ্ঠানের থাকে। তারা সরকারকে কনভিন্স করে এ ধরনের বাজেট করায়। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
রাষ্ট্রায়ত্ত ১১২ প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা আদায়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।
“তিতাস গ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পানি উন্নয়ন বোর্ড ও ব্যাংকসহ ১১২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সংস্থার কাছে সরকার ১ লাখ ৯২ হাজার কোটি টাকা পায়। এরমধ্যে শুধুমাত্র পিডিবির কাছ থেকেই ৮৩ হাজার কোটি টাকা পায়। এগুলো নেওয়ার কোনও নামগন্ধ নেই।”
নতুন বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে আবারও পুনঃমুলধন যোগান দেওয়ার প্রস্তাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “তারা মূলধন হারাচ্ছে। তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তোমাদের যেসব মন্দ ঋণ বা চুরি গেছে সেগুলো আদায় করে সেগুলো ঋণ দাও। তা না করে বলা হচ্ছে, ঠিক আছে চুরি গেছে তোমরা নিতে থাক টাকা।”
