ব্যাংকের টাকা লুটেরাদের ছাড় হবে না: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ব্যাংক থেকে জনগণের টাকা লোপাটকারীদের ছাড় দেবেন না তারা।
বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারি-বেসরকারি ব্যাংক থেকে যারা টাকা লোপাট করেছে তাদের রেহাই দেওয়া হবে না। তা সে যে-ই হোক না কেন।
“ব্যাংকে রাখা জনগণের আমানতের খেয়ানতকারীদের আমরা রেহাই দিব না। দুদক আজকে আপনাদের এ নিশ্চয়তা দিতে চায়।”
ঋণ জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় সম্প্রতি একটি মামলায় ব্যাংকটির সাবেক এক কর্মকর্তাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখনও বিচারাধীন রয়েছেন ডজনখানেকের বেশি মামলা।
ঋণ জালিয়াতি হয়েছে বেসিক ব্যাংকেও। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক থেকে সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ অনিয়ম ধরা পড়ার পর দিলকুশা, গুলশান ও শান্তিনগর শাখার ঋণ বিতরণ কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থ লোপাটকারীদের ধরতে গণমাধ্যমের সহযোগিতা চান দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, “আপনাদের (সাংবাদিক) সহযোগিতা না পেলে আমরা এক কদমও এগোতে পারব না। আপনারাই আমাদের জানাবেন কে কোন ক্ষমতাবলে জনগণের টাকা ব্যাংক থেকে লোপাট করেছে।”
বর্তমানে দেশে আগের চেয়ে দুর্নীতি ‘অনেক কমেছে’ বলে দাবি করেন দুদক চেয়ারম্যান।
“দুর্নীতি আগের চেয়ে কমেছে। যেটুকু এখন আছে সেটা প্রতিরোধ করতে পারলে ৭ শতাংশের যে প্রবৃদ্ধি সেটা ১০ শতাংশে উন্নীত হত।”
কিছু দুর্নীতিবাজের কারণে দেশের উজ্জ্বল ভবিষ্যত নষ্ট হতে দেওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, “বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে যেমন বৃক্ষরোপনের বিষয়টি স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে, তেমনি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে দুর্নীতিহীনতাকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা যাবে।”
এখন থেকে দুদকে অভিযোগ আসার ৩০ থেকে ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ সততা সংঘকে’ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইকবাল মাহমুদ।
চট্টগ্রাম বিভাগে দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে শ্রেষ্ঠ জেলা কুমিল্লা ও শ্রেষ্ঠ উপজেলা হিসেবে কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালী ও ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলা পুরষ্কার পায়।
সভায় অন্যদের মধ্যে দুদকের পরিচালক শামসুল আরেফিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন।
