২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কৃষির অগ্রগতিতে অকৃষি খাতে দ্বিগুণ কর্মসংস্থান: বিশ্বব্যাংক

কৃষিখাতের অগ্রগতিতে গ্রামাঞ্চলে কর্মসংস্থানসৃষ্টিসহ বিভিন্ন অ-কৃষি খাত এগিয়ে যায় বলে বিশ্ব ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 12:40 AM

Updated : 20 Aug 2022, 12:45 PM

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডায়নামিক্স অব রুরাল গ্রোথ ইন বাংলাদেশ সাসটেইনিং পোভার্টি রিডাকশন’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বিশ্বব্যাংকের উন্নয়ন অর্থনীতিবিদ মাধুর গৌতম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কৃষিখাতের প্রভাবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে অ-কৃষিখাতে দ্বিগুণ হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কৃষিখাতে ১০ ভাগ আয় বাড়লে, এর প্রভাবে অকৃষি খাতে ৬ শতাংশ হারে আয় বাড়ে।

এতে বলা হয়, ২০০০ সালের পর থেকে বাংলাদেশে টেকসই দারিদ্র্য বিমোচনে কৃষিখাতই মূল ভূমিকা রেখেছে।

এরপরও কৃষিখাতের অগ্রগতিকে অন্যান্য খাতের তুলনায় সন্তোষজনক নয় বলে মনে করছে বিশ্বব্যাংক।

মানব সম্পদে ‘ব্যাপক উন্নতি’র বিপরীতে সে তুলনায় কৃষিখাতে অগ্রগতি কম মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, নানা প্রতিবন্ধকতায় এই অগ্রগতি ব্যাহত হয়েছে।

এখাতে উন্নয়ন নিশ্চিত করতে হলে উচ্চফলনসীল জাতের উদ্ভাবন, কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা ও নীতি সহায়তা প্রয়োজন। একইসঙ্গে এখাতে বিনিয়োগ বাড়াতে গবেষণা বাড়ানো জরুরি বলে মনে করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ উন্নয়নে যে নীরব গতিশীলতা এসেছে তা যেন এক বৈপ্লবিক পরিবর্তন। এটি সম্ভব হয়েছে পারস্পরিক নীতি সংস্কার, প্রযুক্তিগত, মানব সম্পদ ও অবকাঠামো খাতে উন্নয়ন এবং গ্রামীণ মানুষের নিরলস প্রচেষ্টার ফলে। যদিও দারিদ্র্যতা ও অপুষ্টির হার এখনও বেশি, তারপরও বাংলাদেশ যে অগ্রগতি সাধন করেছে- তা প্রশংসনীয়।

এতে আরও বলা হয়, অনেক বাধাবিপত্তির মধ্য দিয়ে বাংলাদেশ দারিদ্র্য নিরসন, অংশীদারিত্বমূলক অগ্রগতি এবং মধ্যম আয়ের দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

গ্রামীণ উন্নয়নে অকৃষি খাতের দিকে নজর বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিবেদনে মফস্বল শহরগুলোতে অকৃষি বা নন-ফার্ম খাত গড়ে তোলা, ভবিষ্যতে চাহিদার সঙ্গে সমন্বয় করে ধান ও অন্যান্য দ্রব্য সরবরাহ দ্রুত করা এবং পুষ্টি নিশ্চিত করতে পণ্যের গুণগতমান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

এজন্য বাগান, পশু সম্পদ ও মৎস চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে কৃষকের যেমন আয় বৃদ্ধি পায়, তেমনিভাবে সার্বিক পুষ্টির চাহিদাও পূরণ করে থাকে।

প্রতিবেদনে বাংলাদেশের কৃষির বাজার মসৃণভাবে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে উন্নত বাজারজাতকরণ সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। আর এজন্য গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন গুরত্বের সঙ্গে বাস্তবায়ন করার কথা বলা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গ্রামীন অবকাঠামো উন্নয়নের ফলে কৃষি ক্ষেত্রে অগ্রগতি আরও ত্বরান্বিত হয়েছে।

“তবে গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মতৎপরতা আরও বাড়াতে পারে। কেননা, এই খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য আর্থিক সহায়তার কোনো বিকল্প নেই।”

গত দশকে কৃষি খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এদেশে অধিক জনসংখ্যার কারণে কৃষি জমি কম থাকার বিষয়েও সাবধান করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান।

তিনি বলেন, “এর মধ্যেই কৃষি উৎপাদন নিশ্চিত করে সবার জন্য খাদ্য নিশ্চিত করতে হবে। পণ্য উৎপাদনে বহুমুখীকরণের দিকে মনোযোগ বাড়াতে হবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহনশীল জাতের দিকে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, বিশ্বব্যাংকের কৃষি বিভাগের ডিরেক্টর ইথেল সেনহুসার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।