২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা বিনিয়োগে আনায় জোর সিপিডির

আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থকে বিনিয়োগে আনার কৌশল খোঁজার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:08 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পাশাপাশি এনজিওগুলোর কাজের পর্যবেক্ষণ এবং তাদের হাতে আসা বিদেশি তহবিলের  এক চতুর্থাংশ সরকারের তত্ত্বাবধানে ব্যয় করার সুপারিশ করেছে সংস্থাটি। 

রোববার ঢাকায় সিপিডির প্রাক বাজেট আলোচনায় এসব সুপারিশ তুলে ধরেন সংস্থার ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, “দেশে বেনামি সম্পত্তি ও অপ্রদর্শিত আয় বিনিয়োগের মূল ধারায় নিয়ে আসতে হবে। এটার জন্য সুযোগ দেওয়া উচিত। না আসলে শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত।”

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, মোট করের ওপর ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিলে যে কোনো সময় অপ্রদর্শিত অর্থ বৈধ বা সাদা করার সুযোগ রয়েছে।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ ও ২০০৮ সালে ৯ হাজার ৬৮৩ কোটি টাকার অপ্রদর্শিত ও অবৈধ আয় বৈধ করা হয়েছে। অর্থাৎ, ওই অর্থের হিসাব দেশের অর্থনীতির মূল ধারায় যুক্ত হয়েছে।

এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত পাঁচ বছরে সাদা হয়েছে ২ হাজার ৯৮ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৬৭৬ কোটি টাকার অপ্রদর্শিত টাকা বৈধ হয়েছে  বলে এনবিআরের তথ্য।

আবাসন খাতের সংগঠন রিহ্যাব প্রতি বছর বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়ে বলেছে, এর মাধ্যমে অর্থ পাচার ঠেকানো এবং বিনিয়োগ বাড়ানো সম্ভব।    

দেবপ্রিয় বলেন, “সরকারি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, দেশে কর দেওয়ার মতো যোগ্য লোকের অর্ধেকেরও কম লোকে কর দেয়। বাকিরা কর দিচ্ছে না। এদের কীভাবে করের আওতায় আনা যায়, তা সরকারকে ভাবতে হবে।”

যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের আইনের আওতায় আনার পাশাপাশি নতুন কর বেষ্টনীর মাধ্যমে ক্রমান্বয়ে সবাইকে এর আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এনজিওগুলোর কাজের ‘মনিটরিং’ হওয়া উচিৎ মন্তব্য করে দেবপ্রিয় বলেন বৈদেশিক সহায়তা হিসেবে তারা যে তহবিল পায় তার অন্তত ২৫ ভাগ সরকারের তত্ত্বাবধানে ব্যয় করতে হবে।”

‘আমাদের সংসদীয় কমিটি কোথায়?’

রিজার্ভ চুরির টাকা ফিলিপিন্সে যাওয়ায় সেখানে সিনেট কমিটির তদন্ত হলেও বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ কেন নেওয়া হয়নি- সেই প্রশ্ন তুলেছেন সিপিডি ফেলো দেবপ্রিয়।

প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, “ফিলিপিন্সের পার্লামেন্টে সিনেট বৈঠক করল, আমার সংসদীয় স্ট্যান্ডিং কমিটি কোথায়? তারা একটি মিটিং ডাকলো না কেন?”

বাংলাদেশের অর্থনৈতিক পরিচালন ব্যবস্থায় কোথাও ‘অসঙ্গতি’ আছে কিনা- তা ‘খতিয়ে দেখার সময় এসেছে’ বলেও বলে মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় বলেন, “আমি মনে করি, অর্থের পরিমাণটা তুলনা করার দরকার নেই। এ অর্থ দেশের অর্থনীতিতে তোলপাড় হয়ে যাবে তা কিন্তু নয়। এর চেয়ে অনেক বেশি অর্থ হল-মার্ক ও বিসমিল্লাহ গ্রুপ নিয়ে গেছে। এ মুহূর্তে এর চেয়ে অনেক বেশি দেনাদার ব্যাংকিং খাতের ভিতরে রয়েছে।

“এটা আসলে পরিমাণের বিষয় নয়। এটা আসলে গুণগত মানের বিষয়। যে পদ্ধতিতে টাকাগুলো গেল সেই বিষয়টি জানার বিষয়।”

ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি যাওয়ার এক মাস পর তা বিদেশি গণমাধ্যম থেকে প্রকাশিত হওয়ার প্রসঙ্গে টেনে তিনি বলেন, দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে একটি ‘বিভ্রান্তিকর পরিস্থিতি’ বিরাজ করছে।

“এতো কিছু হচ্ছে, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র বিরাজ করা সত্বেও তা কেবিনেটে এজেন্ডা হিসেবে কোনো দিন আলোচিত হয়েছে কিনা- আমি জানি না। অর্থমন্ত্রী এটি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে অবহিত করেছেন কিনা- আমি জানি না।”

আরও বড় বাজেট?

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে আভাস দিয়েছিলেন, আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার মতো হতে পারে। আর সিপিডি বলছে, এবার বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি হওয়া দরকার।

“আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ছে। বর্তমানের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আমাদের বাজেটের আকার আরও বাড়ানো প্রয়োজন,” বলেন দেবপ্রিয়।

চলতি অর্থবছরের বাজেটের আকার জিডিপির ১৭ শতাংশ, যাকে তুলনামূলকভাবে ‘অনেক ছোট’ বলে মনে করছে সিপিডি।

দেবপ্রিয় বলেন, “আমাদের মতো অর্থনৈতিক অবস্থার দেশের বাজেটের আকার জিডিপির ২০ থেকে ২৪ শতাংশ  হওয়া প্রয়োজন। তবে আমাদের বৈদেশিক সহায়তার অর্থ ব্যয়ে যথেষ্ট দুর্বলতা রয়ে গেছে। এটা বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো উচিৎ।”

সিপিডি বড় বাজেটের পক্ষে- এমন মন্তব্য করে তিনি বলেন, টাকার অংকে নয়, বাজেট হতে হবে অর্থনীতির কাঠামের উপর নির্ভর করে।

“বাজেট বড় হলে তা গুণগত মান সম্পন্ন হতে হবে। আগামী বাজেট হতে হবে অন্তর্ভুক্তিমূলক, দরিদ্র ও দুঃস্থবান্ধব, উৎপাদনমূলক, সংস্কারমূলক ও বৈশ্বিক অর্থনীতি বান্ধব।”

রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ প্রাক বাজেট আলোচনায় সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।