২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্সে ভাটা

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এক হাজার ১০৫ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ কম।

মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে ইউরো, সিঙ্গাপুর ডলার, মালয়েশিয়ান রিংগিত অন্যান্য মুদ্রার দরপতনের কারণে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কমছে বলে জানিয়েছন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করেন। সাম্প্রতিক সময়ে সেসব দেশের মুদ্রার বেশ খানিকটা অবমূল্যায়ন হয়েছে।

“সেই অবমূল্যায়নের ফলে সে সব দেশে আবস্থানকারী আমাদের প্রবাসীরা এখন আগের চেয়ে কম অর্থ দেশে পাঠাচ্ছেন। এটাই রেমিটেন্স কমার প্রধান কারণ বলে আমি মনে করি।”

সোমবার (৪ এপ্রিল) ১ মার্কিন ডলারের জন্য দশমিক ৮৭৮৩ ইউরো খরচ করতে হয়েছে।

ছয় মাস আগে এই ১ ডলারের জন্য দশমিক ৮৯১৯ ইউরো খরচ করতে হতো।

সোমবার ১ মার্কিন ডলারের জন্য ১ দশমিক ৩৫২ সিঙ্গুপুর ডলার লেগেছে। ছয় মাস আগে লাগতো ১ দশমিক ৪৩২৯ সিঙ্গাপুর ডলার।

সোমবার ১ ডলার দিয়ে ৩ দশমিক ৯০ মালয়েশিয়ান রিংগিত মিলেছে। ছয় মাস আগে লাগতো ৪ দশমিক ৪১ রিংগিত।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এক হাজার ১০৫ কোটি ১১ লাখ (১১.০৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০১৪-১৫ অর্থবছরের এই নয় মাসে এসেছিল এক হাজার ১২৬ কোটি ডলার।

সদ্য শেষ হওয়া মার্চ মাসে ১২৮ কোটি ১১ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের মার্চ মাসের চেয়ে ৪ দশমিক ২৭ শতাংশ কম।

২০১৫ সালের মার্চ মাসে ১৩৪ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

গত ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫.৩২ মিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩৯ কোটি ডলারের রেমিটেন্স আসে। অগাস্টে আসে ১১৯ কোটি ৫০ লাখ ডলার। ১৩৫ কোটি ডলার আসে সেপ্টেম্বরে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে আসে যথাক্রমে ১১০ কোটি, ১১৪ কোটি ২৫ লাখ এবং ১৩১ কোটি ২৬ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ১১৫ কোটি ২০ লাখ ডলার।

ফেব্রুয়ারি মাসে এসেছিল ১১৩ কোটি ৩১ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। ২০১৩-১৪ অর্থবছরে তা কমে ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে নামে।

গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

রিজার্ভ ২৮.৩ বিলিয়ন ডলার

রেমিটেন্স কমলেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) বাড়ছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৮৩০ কোটি (২৮.৩ বিলিয়ন) ডলার।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ (২২.১২ বিলিয়ন) ডলার আয় করেছে।

এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি।

পুরনো খবর:

১৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স
তেলে ‘স্বস্তি’ থাকবে অর্থবছরজুড়ে, আশায় অর্থমন্ত্রী
তেলের দরপতনে টালমাটাল বিশ্ব পুঁজিবাজার