আয় বৈষম্য বাড়লেও বিপদ দেখছেন না মুহিত
প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় বৈষম্য বাড়লেও তাতে বড় কোনো বিপদ ‘ঘটবে না’ বলেই মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে চরম দারিদ্রের হার কমে আসছে; দারিদ্র্যের কারণে কোনো সামাজিক সঙ্কটের কোনো আশঙ্কা তিনি দেখছেন না।
রোববার অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর এই মতামত আসে।
তিনি বলেন, আয় বৈষম্য অবশ্যই মারাত্মক। তবে সরকার তা কমাতে সচেষ্ট।
“আয় বৈষম্য বাড়ছে। নো ডাউট। কিন্তু ইউ শুড লুক অ্যাট দ্য আদার পয়েন্ট। আমাদের যে ইনকাম গ্রোথ হচ্ছে, তার একটা যথেষ্ট অংশ নিচের দিকেও যাচ্ছে। যার কারণে ইউ সি এক্সট্রিম পোভার্টি উইল বি ডেফিনেটলি বিলো টু ডিজিটস বাই এন্ড অব দিস ইয়ার। এখন সেটা অ্যারাউন্ড ১১ হবে।”
বেশ কয়েক বছর ধরে টানা ছয় শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করায় কেবল দরিদ্র নয়, অতিদরিদ্রের সংখ্যাও কমে আসছে দাবি করে মুহিত বলেন, সেই ‘বাহাদুরিটা’ সরকার নিতে চায়।
“আমি যেটা মনে করি, আয় বৈষম্য কিছু বাড়বে। কিন্তু এটা এমন পর্যায়ে যাচ্ছে না, যেখানে ডিভাইড, সোশ্যাল প্রোবলেম, বিদ্রোহ-টিদ্রোহ... এই রকম পর্যায়ে যাতে না যেতে পারে, সেই জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি।”
সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৩১৪ ডলার হয়েছে। অর্থাৎ, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ৯২ হাজার টাকার বেশি আয় করছে।
তবে এই আয়ের সুফল একটি শ্রেণির হাতে চলে যাওয়ায় ধনী-দরিদ্রের ব্যবধান দিন দিন বাড়ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ অনুযায়ী, দেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিকানা কুক্ষিগত রয়েছে মাত্র ১০ শতাংশ মানুষের হাতে।
দেশের উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবার আগে রাখা উচিৎ মন্তব্য করে অনুষ্ঠানে ইআরএফের সভাপতি একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল বলেন, এ জন্য মানবসম্পদ মন্ত্রণালয় করা উচিত। এ মুহূর্তে তেমন মন্ত্রণালয় করা না গেলেও বিশেষ বরাদ্দ রাখা উচিত।
“ইউরোপ-আমেরিকার বাজারকে টার্গেট করে হোটেল ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় জনবল গড়ে তুলতে হবে।”
পরিকল্পিতভাবে এটা করা গেলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ শত বিলিয়ন ডলার ছাড়াতেও বেশি সময় লাগবে না বলে মনে করেন এই সাংবাদিক।
যেখানে দেশি লোক পাওয়া যাবে, সেখানে বিদেশি নাগরিকদের নিয়োগে বিধিনিষেধের দাবি জানান তিনি।
দিলালের বক্তব্যের সূত্র ধরে অর্থমন্ত্রী বলেন, বিএমইটির (ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) অধীনে নতুন করে অনেকগুলো প্রতিষ্ঠান খোলা হয়েছে। বিএমইটি থেকে যারা পাস করে, তারা কেউ বেকার থাকে না।
“তাদের দাম অত্যন্ত বেশি। বিদেশে গেলে সেখান থেকেও অনেক পয়সা পাঠায়। সুতরাং প্রশিক্ষণের উপর জোর দেওয়ার অব্যাহত থাকবে।”
‘আপাতত ব্যাংক কমিশন নয়’
দ্রুত ব্যাংক কমিশন করতে এক সাংবাদিকের পরামর্শের বিপরীতে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক কমিশন করার পরিকল্পনা এখন তার নেই।
“ব্যাংকিং খাতে অনেক ঘটনা-টটনা ঘটে গেছে। সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, এটার একটু ফল টল দেখা দরকার। তারপর ঠিক করা যাবে, ব্যাংকিং কমিশন করার প্রয়োজন আছে? থাকলে কীভাবে করা যায়? সেটাকে কাস্ট করা যাবে।”
উপজেলা পর্যায়ে কর অফিস স্থাপনে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে দেওয়া ঘোষণার অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে উদ্দেশ করে বলেন, “চেয়ারম্যান, এবারে একটা প্রোগ্রাম দাও, টাইম বাউন্ড। বাই হোয়াট ডেট, উই শুড বি এবল টু সেট আপ নিয়ারলি ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ কর অফিস।”
জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে উপজেলা পর্যায়ে ৮৬টি কর অফিস রয়েছে।
‘ইসিআর বাধ্যতামূলক করা উচিত’
ভ্যাট থেকে আয় বাড়াতে বিক্রয় মূলে ভ্যাট যুক্ত করে দাম লিখতে এক সাংবাদিকের প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ওই ব্যবস্থা কাজও করবে না।
“দ্যাট ইউ মাস্ট হ্যাভ অ্যাকাউন্টিং মেশিন ইন ইওর বিজনেস, ইফ ইট ইজ অফ আ সার্টেইন লেভেল।”
এরপর এনবিআর চেয়ারম্যানকে মন্ত্রী বলেন, “ওয়ার্ক ইট আউট এনবিআর। এবারই এটা করতে পারি।”
‘অ্যাকাউন্টিং মেশিন’ বলতে মন্ত্রী ইসিআর বোঝাতে চাইছেন কি-না, এমন প্রশ্নে মুহিত বলেন, “হ্যাঁ। যেগুলো সব দোকানে টোকানে থাকে। এটাতে একেবারে চুরি (ভ্যাট ফাঁকি) চলে যাবে। যাদের মেশিন থাকে, তারাও কিছু জিনিস মেশিনের বাইরে বিক্রি করে। কিন্তু সেটা ভেরি লিমিটেড।”
‘অর্থবছর বদল’
যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে এপ্রিল-মার্চ অর্থবছর অনুসরণ করলেও বাংলাদেশে তা না হওয়ায় এ ব্যবস্থা পরিবর্তনের সুপারিশ করেছিলেন একজন সাংবাদিক।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলে এপ্রিল-মার্চ অর্থবছরের যে হিসাব চালু ছিল ভারত তা না বদলালেও পাকিস্তান বদলে ফেলে। আর ষাটের দশকে ওই পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের আইনবিদরাই সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ ছিলেন।
“বাংলাদেশের ডিমান্ড ছিল, চেইঞ্জ দিস ইয়ার। এই ইয়ারে আমাদের কাজ হয় না।তখনকার দিনে এই ডিস্ট্রিবিউশনে তিন মাস লাগতো। তিনমাসের পর লোকে প্রথম পয়সা পেত। দে হ্যাড টু ডু এভরিথিং বাই ফেব্রুয়ারি। অথ্চ আমাদের ওয়ার্ক সিজন হচ্ছে, মধ্য অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত।
“কাজ কাম করার জন্য এই হলো সময়। অবশ্য এখন কাজ কামের ধরনও বদলে যাচ্ছে। প্রযুক্তি আসার ফলে ওয়েদারের উপর নির্ভরশীলতা অনেক কমেছে। সেই হিসাবে বাঙালিদের দাবি ছিল, অর্থ বছর জুলাই থেকে শুরু হওয়া উচিত।
“এটা এখনো ভ্যালিড। আই উইল ফাইট টু মাই লাস্ট অফ মাই ব্লাড নট টু চেইঞ্জ ফাইনানশিয়াল ইয়ার। ইট ইজ বেস্ট ফর বাংলাদেশ। এটা আমাদের থাকা উচিত।”
শেয়ার বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, পুঁজিবাজারে সরকারের হস্তক্ষেপ খুব বেশি হওয়া উচিত নয়। সরকার নিয়ম ও নীতি তৈরি করবে, সেগুলোর বাস্তবায়ন দেখবে। সরকার ‘সেটাই করছে’।
অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক এবং ইআরএফের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানও আলোচনায় অংশ নেন।
