একনেক সভার বিবরণীর মান নিয়ে অর্থমন্ত্রী নাখোশ
অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার কার্যবিবরণী যেভাবে লেখা হয়, তাতে অসন্তোষ প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে একটি চিঠি লিখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিগত ২১ মার্চ লেখা এক চিঠিতে সাবেক ঝানু আমলা মুহিত কার্যবিবরণী লেখার কায়দা বদলানোর পরামর্শ দেন।
সাবেক এই সচিব বলেন, “আমি একনেকের কার্যবিবরণী সম্বন্ধে কিছু মন্তব্য করতে চাই। এই বিবরণী পড়ে মনে হয় যে, (বৈঠকে) কোনো বিষয়েই কোনো আলোচনা হয় না। শুধু মাননীয় প্রধানমন্ত্রী কিছু মন্তব্য বা দিক নির্দেশনা দেন, বাস্তবে কিন্তু একেবারেই ভিন্ন।”
“এই সব কার্যবিবরণী বিভিন্ন সময়ের ইতিহাসের অংশ হিসেবে বিরাজ করে। এগুলো সময়ে সময়ে মুদ্রণ করবার একটি ট্রাডিশনও ছিল। অধুনা এইসব প্রকাশনা দেখিনি।”
সভার ধারাবিবরণী রচনায় পুরোনো রীতি অনুসরণ করাও যেতে পারে বলে পরামর্শ দেন ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়া এই সাবেক সরকারি কর্মকর্তা।
“আমার মনে হয় কার্যবিবরণী লেখার কায়দাটি পুনর্বিবেচনা করা দরকার। এক্ষেত্রে পুরনো দিনের বিবরণী লেখার নানা স্টাইল বা কায়দা রয়েছে। সেগুলো একটু দেখলে ভালো হয়।”
প্রবীণ মন্ত্রী মুহিতকে নানা সময়েই সরকারি কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রকাশ্য হতাশা ব্যক্ত করতে দেখা গেছে। সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সরব ভূমিকায়ও দেখা গেছে তাকে।
