মহেশখালী হবে পাওয়ার হাব: অর্থমন্ত্রী
মহেশখালী এলাকাকে ‘পাওয়ার হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সেখানে আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
রোববার ‘বিদ্যুৎ কেন্দ্র’ বিষয়ক একটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেওয়ার পর দুপুরে অর্থ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, এক হাজার থেকে ১৩শ’ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে। আরেকটি কেন্দ্রের জন্য চীনের সঙ্গে আলোচনা চলছে।
“মালয়েশিয়ার সঙ্গে... আমরা ‘গো অ্যাহেড সিগনাল’ দিয়েছি। এখন চুক্তি হবে। আমরা আরেকটা গো অ্যাহেড সিগনাল দিয়েছি, কন্ডিশনাল। এটা চায়না থেকে। এটা মহেশখালীতে হবে। ওখানে নোগোসিয়েশন চলছে।
“আমরা বলেছি, যে টার্মে মালয়েশিয়ার কাছ থেকে পাওয়া গেছে, সে রকম টার্মে তোমরা নেগোশিয়েট করো। ওরা মেজরিটি শেয়ার রাখতে চায়, আমরা মালয়েশিয়ার জায়গায় ৫০-৫০ করেছি।”
দুটি কেন্দ্রই মহেশখালীতে হবে উল্লেখ করে তিনি বলেন, “মহেশখালী উইল বি পাওয়ার হাব।”
পায়রায় চুক্তির তারিখ চেয়েছে ভারত
অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে আসার আগে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মুহিত সাংবাদিকদের জানান, পায়রাতে বন্দর হওয়ার আগেই সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র হতে পারে।
“এক মাসের মধ্যে ভালো খবর পেতে পারেন। আমরা সম্ভবত সেখানে পাওয়ার প্ল্যান্টের জন্য চুক্তি করতে পারি। আজ আলোচনায় তারা (ভারত) আমার কাছে চুক্তি স্বাক্ষরের তারিখ চাইল।”
পায়রার এই বিদ্যুৎকেন্দ্রও ১২ থেকে ১৩ শ’ মেগাওয়াট ক্ষমতার হতে বলে জানান মন্ত্রী।
ভারত পায়রা বন্দর প্রকল্পেও অংশ নেবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “এখন সেটা বলতে পারব না। এখন চীন কথা বলছে। তবে আমি বলেছি, ভারতও আগ্রহী। অফিশিয়ালি অফার চায়নার আছে।”
ভারতের ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহের কথা হাই কমিশনারকে জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরাতো পালাটানা থেকে ১০০ মেগাওয়াট পাচ্ছি, আরও ১০০ মেগাওয়াট পেতে পারি কি-না, সে বিষয়ে কথা হয়েছে।”
দরপত্র হয়ে গেলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তিন বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেন মুহিত।
