‘সঠিক অর্থায়ন না হলে গ্রিন উইল টার্ন ইনটু রেড’
দেশে পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য সঠিক অর্থায়নকে গুরুত্ব দিয়ে এজন্য চালু থাকা তহবিল আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।
শুক্রবার ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন ইনভেস্টমেন্ট সামিট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর মত পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের এই প্রদর্শনী ও সম্মেলনের আয়োজন করেছে এক্সপোনেট এক্সিবিশন নামের একটি প্রতিষ্ঠান।
সম্মেলনের উদ্বোধন করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য যে তহবিল চালু করেছে সেটি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, “অর্থায়ন একটা বিষয়, সেটি সঠিকভাবে না হলে গ্রিন উইল টার্ন ইনটু রেড।”
নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর মত পরিকল্পনা না থাকার বিষয়টি স্বীকার তিনি বলেন, “ঢাকা শহরে সাড়ে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আর সারা দেশে লাগে আড়াই হাজার মেগাওয়াট। এটি কোনোভাবেই সুষ্ঠু পরিকল্পনার মধ্যে পড়তে পারে না।
“আমাদের প্রোপার প্লানিং নেই। আরবান প্লানিং ঠিক করতে হবে। ভবিষ্যতে কোন ধরনের স্থাপনা হবে, তার এনার্জি সিস্টেম কি হবে এবং ইতিমধ্যে যেসব স্থাপনা হয়েছে সেগুলোর বিষয়ে প্লানিং থাকতে হবে। আমাদের শহরকে আমাদের পরিবেশের সাথে মানানসই করে সাজাতে হবে।”
রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও সুন্দরবন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সুন্দরবন বাঁচানোর জন্য রামপালে লং মার্চ হচ্ছে। আমি পরিবেশবাদীদের নিয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের বিদ্যুৎকেন্দ্র সেভাবেই করা হচ্ছে যাতে পরিবেশের সবচেয়ে কম ক্ষতি হয়। প্রকৃতির ক্ষতি কম হয়।”
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গ্রামাঞ্চলের জন্যও পরিকল্পনা থাকা দরকার বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী শিল্পোদ্যোক্তাদের গ্যাসচালিত জেনারেটর ব্যবহার ব্যবহার এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা শহর ও গ্রামাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে পরিবেশবান্ধব পরিকল্পনার মধ্যে আনতে নীতি নির্ধারক, শিল্পোদ্যোক্তা, স্থপতিসহ সবার সচেতনতা ও আন্তরিকতার ওপর গুরুত্ব দেন।
নবায়ণযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, “সরকার বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য নিয়েছে তা অর্জন করতে হলে প্রচলিত ব্যবস্থায় হবে না, অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে।”
উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
রাজধানীতে যেভাবে ভবন নির্মাণ করা হচ্ছে, তাতে করে একে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি কবির আহমেদ ভূইয়া।
অনুষ্ঠানে জিআইজেডের উপদেষ্টা দিলদার আহমেদ তৌফিক, ইডকলের নির্বাহী পরিচালক মাহমুদ মালিক, বিআইআইএফএলের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম বক্তব্য রাখেন।
সম্মেলনে নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি, কার্বন নিরপেক্ষ পরিবেশ, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচাল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানির পুনঃব্যবহারের মাধ্যমে পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন কিভাবে করা যাবে তা নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হবে।
আর প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, কোরিয়া, চীন, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাজ্য ও বাংলাদেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে তাদের সেবা ও পণ্য দেখাবে।
এসব স্টলে বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব ভবন নির্মাণের যন্ত্রপাতি, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোলারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
