মূল্যস্ফীতি ৪১ মাসে সর্বনিম্ন
নতুন বছরের দ্বিতীয় মাসেও মূল্যস্ফীতি কমেছে, যাকে খাদ্য পণ্যের দামে স্থিতিশীলতার প্রভাব বলছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ফেব্রুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬২ ভাগ, জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ০৭।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল বলেন, “ফেব্রুয়ারি মাসের ৫ দশমিক ৬২ ভাগ মূল্যস্ফীতি বিগত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।”
মূল্যস্ফীতি কমার কারণ উল্লেখ করে তিনি বলেন, “দেশে খাদ্য পণ্যের দাম না বাড়ার কারণেই মূল্যস্ফীতি কমেছে। বর্তমানে দেশে চাহিদার চেয়েও বেশি খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে বলেই মূল্যস্ফীতি কম।”
একই সঙ্গে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে যেসব পণ্য আমদানি করা হয়েছে সেসব পণ্যের দামও স্থিতিশীল ছিল বলে জানান মন্ত্রী।
মূল্যস্ফীতি কমার পেছনে এটিকেও একটি কারণ উল্লেখ করে তিনি বলেন, “সে কারণে দেশের বাজারে পণ্যের দাম কম ছিল। এছাড়াও বৈদেশিক মুদ্রার সঙ্গে বিনিময়হার স্থিতিশীল থাকায় দেশের বাজারে পণ্যমূল্য কিছুটা কমেছে বলেই মূল্যস্ফীতি কমেছে।”
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের শুরু থেকেই মূল্যস্ফীতির হার ক্রমাগত কমে আসছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩৬ ভাগ। সেখান থেকে ক্রমাগত কমে গত মাসে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬২ ভাগে এসে দাঁড়িয়েছে।
এই হার আরও কমে আসার আশা করছে আ হ ম মুস্তফা কামাল।
ফেব্রুয়ারি মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে মাত্র ৩ দশমিক ৩৩ ভাগ, যা জানুয়ারি মাসে ছিল ৪ দশমিক ৩৩ ভাগ। ওই মাসে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৬ ভাগ। তার আগের মাসে এটি ছিল ৭ দশমিক ৭৪ ভাগ।
এদিকে ফেব্রুয়ারিতে গ্রামীণ অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৭৬ ভাগ, জানুয়ারিতে এই হার ছিল ৫ দশমিক ২৯ ভাগ।
এছাড়া শহরাঞ্চলের সাধারণ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ ভাগ, যা জানুয়ারিতে ছিল ৭ দশমিক ৫৩ ভাগ।
