২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিশ্ব ব্যাংকের নতুন প্রধান চীনের ফান

বিশ্ব ব্যাংকের ঢাকা মিশনের দায়িত্ব নিতে এসেছেন চীনের নাগরিক ছিমেয়াও ফান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

নতুন আবাসিক প্রতিনিধি হিসাবে সোমবারই তিনি কাজ শুরু করবেন বলে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার ঢাকা কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে। 

ফানকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ কাজ করছে, তা অর্জনে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে চাই আমি।” 

ফান ঢাকায় ইয়োহানেস জুটের স্থলাভিষিক্ত হলেন। তার দায়িত্বের আওতায় বাংলাদেশের সঙ্গে ভুটান ও নেপালও রয়েছে।  

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এনেটি ডিক্সন আবাসিক প্রতিনিধি ফানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

ফান এর আগে বেলারুশ, মলদোভা ও ইউক্রেইনে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে বিশ্ব ব্যাংকে যোগ দেন ফান। মাঝে ছুটি নিয়ে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত নিজ দেশ চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি।

যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী ফান বিশ্ব ব্যাংকে যোগ দেওয়ার আগে বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক হিসাবে কাজ করেছেন।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের রিসার্চার ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রানজিশন ইকোনমিকস এবং চীনের জিয়াংশি ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের পলিসি রিসার্চার ছিলেন তিনি।