২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত উন্নয়নে পিপিপিতে জোর প্রধানমন্ত্রীর

দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 05:06 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের প্রথম বোর্ড অব গভর্নরসের সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

“প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্রুত উন্নতি করতে চাই। এটা শুধু সরকারি বিনিয়োগে সম্ভব নয়। সেজন্য দরকার পিপিপি’।”

এ কারণে পিপিপি বাস্তবায়নের কথা মাথায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশও দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা এবং বাংলাদেশেও পিপিপিতে বাস্তবায়িত কয়েকটি প্রকল্পের কথা তুলে ধরেন।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ পাস হওয়ার পর গঠন করা হয় পিপিপি কর্তৃপক্ষ।

প্রথম বোর্ড অব গভর্নরসের সভায় গত কয়েক বছরের পিপিপি কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, পিপিপির পাইপলাইনে বিভিন্ন খাতের ৪৩টি প্রকল্প রয়েছে; যার বাস্তবায়নে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসতে পারে।

পিপিপি কারিগরি তহবিলের ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে; যেখানে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।