তেলের দাম কমানোর বিষয়টি বিবেচনায়: প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম এখনি কমানো হচ্ছে না বলে এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার বিষয়টি বিবেচনা করছে।
আন্তর্জাতিক বাজারে অনেক কমে যাওয়ায় দেশেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠেছে সব মহল থেকে।
বৃহস্পতিবার সংসদে একাধিক সংসদ সদস্য এ নিয়ে প্রশ্ন করলে জবাবে নসরুল হামিদ বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশে তেলের মূল্য পুনঃনির্ধারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচেনায় রয়েছে।
“বিশ্ব বাজারের মূল্যের সাথে তুলনা করে আমাদের দেশে এর মূল্য নির্ধারণের জন্য একটি নীতিমালা নিয়ে কাজ শুরু করা হয়েছে। প্রথমবারের মত এ ধরনের পদ্ধতি আরোপের পূর্বে এ বিষয়ে অন্যান্য সম্পূরক প্রভাবকগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।”
সংসদেই গত ১৭ ফেব্রুয়ারি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ধার-দেনা শোধ হলে প্রয়োজনে জ্বালানি তেলের দাম কমানো হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরপর বলেছিলেন, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর মতামত নিয়েই এই বিষয়ে সিদ্ধান্ত হবে।
২০১৩ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দর বেড়ে ১২২ ডলারে ওঠার পর বাংলাদেশেও দাম বাড়ানো হয়। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
এরপর গত দুই বছর ধরে জ্বালানি তেলের দাম পড়তে পড়তে ৪০ ডলারের নিচে নামলেও দাম সমন্বয় করেনি সরকার।
তেলের দাম না কমানোর পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এতদিনের লোকসান তুলে আনার যুক্তি সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে।
সংসদে প্রতিমন্ত্রী জানান, গত নভেম্বর ২০১৪ থেকে বিপিসির লাভ শুরু হয়। ঘাটতি পূরণের জন্য ২০১৪-১৫ অর্থ বছরে ৫ হাজার ২৬৮ দশমিক শূন্য আট কোটি টাকা এবং চলতি ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৫ হাজার ৮১০ দশমিক ৬৭ কোটি টাকাসহ সর্বমোট ১১ হাজার ৭৮ দশমিক ৬৩ কোটি টাকা বিভিন্ন প্রকারের দেনা পরিশোধ করা হয়েছে।
এছাড়া পেট্রোবাংলাকে ৪৯৬ দশমিক ৬৩ কোটি টাকা পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। এ অর্থ বাদে অবশিষ্ট অর্থ বিপিসির ব্যাংক হিসাবে স্থিতি হিসাবে রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, উল্লিখিত পরিমাণ ঘাটতি সমন্বয়ের পরও বিপিসিকে সরকার দেওয়া ঋণ ২৬ হাজার ৩৪৯ দশমিক ৮১ কোটি টাকা পরিশোধের বাকি আছে।
প্রতিমন্ত্রী নসরুল বলেন, “জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সময় প্রধান প্রধান পণ্যসমূহের প্রত্যেকটির পরিবর্তন করা হয়। কারণ প্রত্যেকটি জ্বালানি পণ্য পরস্পর সম্পর্কযুক্ত। তাই পরিবর্তন করা হলে কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল, অকটেন ইত্যাদি সবগুলোর মূল্য একই সাথে পরিবর্তন করা হবে।”
