২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করতে লাইন: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাসের ‘কিছুটা সঙ্কট’ থাকলেও বাংলাদেশে বিনিয়োগ করতে উন্মুখ হয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 07:09 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী মহল এমনকি অর্থমন্ত্রীর হতাশার মধ্যেই বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে একথা বলেন সরকার প্রধান।

অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। আরও অনেক বিনিয়োগ হবে।”

এরপর কয়েকজন সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে।

এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত আওয়ামী লীগ নেতা হাজি সেলিম বলেন, বিনিয়োগ এখন হচ্ছে না। ব্যাংকে অলস টাকা পড়ে আছে।

বাংলাদেশের অন্যতম প্রধান আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক হাজি সেলিমকে উদ্দেশ করে তখন শেখ হাসিনা বলেন, “দেশে বিনিয়োগ হচ্ছে না, মাননীয় সংসদ সদস্য এ তথ্য কোথা থেকে পেলেন, তা জানি না।

“জাপান,চীন,ভারত,কোরিয়া থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলো সবাই কিন্তু বিনিয়োগ করছে। জাপান এখানে ৬ বিলিয়ন বিনিয়োগ করছে। বিশ্বের অনেক বড় বড় দেশ এখানে বিনিয়োগের জন্য লাইন দিচ্ছে। তাদের কাছে বংলাদেশ হচ্ছে বিনিয়োগের সব চেয়ে উপযুক্ত জায়গা।”

প্রধানমন্ত্রী বলেন, কর্মঠ যুব সমাজ এবং স্থিতিশীল পরিস্থিতির কারণে এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ।

তবে বিনিয়োগের সঙ্গে পাল্লা দিতে গ্যাসের অভাবের বিষয়টি স্বীকার করেন তিনি।

“যে পরিমাণ বিনিয়োগ আসছে, সেই তুলনায় গ্যাসের কিছুটা সঙ্কট আছে।”

গ্যাসের উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

“আমরা এটা নিয়ে সিসমিক সার্ভে করিয়েছি। এই সার্ভের মাধ্যমে কোথায় কোথায় গ্যাস রয়েছে সেটা দেখে নতুন নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছি।”

শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে জানিয়ে আবাসিক গ্যাসের সংযোগ নিরুৎসাহিত করা হচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

“এজন্য সিলিন্ডার গ্যাস যাতে বাসাবাড়িতে ব্যবহার হয় তার জন্য সিলিন্ডার গ্যাস উৎপাদনের যারা এগিয়ে আসবে তাদের ক্ষেত্রে কর ও শুল্ক মুক্ত রেয়াত দেওয়া হচ্ছে। যাতে নতুন নতুন উদ্যোক্তা আসেন এবং এ খাতে বিনিয়োগ করেন।”

বাংলাদেশে আইএস ‘নেই’  

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন।

তিনি বলেন,স্থানীয়ভাবে উদ্ভূত কতিপয় সংগঠন ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকলেও এদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি নিয়ে এগোচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো জঙ্গিবাদকে দৃঢ়তার সাথে মোকাবেলায় আমরা বদ্ধপরিকর।”

নাশকতার মামলার আসামিদের মধ্যে যারা জামিন পেয়েছেন, তারা যাতে পুনরায় অনুরূপ অপতৎপরতা চালাতে না পারেন, সেজন্য ‍তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

‘ইমেজ সঙ্কটে’ আটকে বিনিয়োগ
বিনিয়োগ খরা কাটাতে বাধা ‘সংস্কারে গতিহীনতা’