২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইমেজ সঙ্কটে’ আটকে বিনিয়োগ

সরকারের ভাষায় ‘অনুকূল পরিস্থিতি’র মধ্যেও বাংলাদেশে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ার জন্য ভাবমূর্তি সমস্যাকেই চিহ্নিত করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 11:28 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

তা দূর করে উদ্যোক্তাদের আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে গ্যাস-বিদ্যুৎ ও পানিসহ সব ধরনের সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়ার পরিকল্পনা সরকার নিয়েছে বলে জানান তিনি।

অর্থনীতির নানা সূচকে অগ্রগতি হলেও বিনিয়োগ আসছে না বাংলাদেশে, যা নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

সারাদেশে ১০০টি অর্থনৈতিক বিশেষ অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়ে ১৬টির কাজ ইতোমধ্যে শুরু করলেও তাতে বিনিয়োগে প্রত্যাশিত সাড়া মিলছে না।

শিল্পোদ্যোক্তারা গ্যাস, বিদ্যুৎ সঙ্কটকে এজন্য দায়ী করে আসছেন। সাম্প্রতিক বিদেশি হত্যাকাণ্ড এবং জঙ্গি তৎপরতার কারণে বিদেশিরাও পিছিয়ে যাচ্ছেন বলে ব্যবসায়ীরা বলছেন। 

বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বেজা আয়োজিত ‘ইনভেস্টমেন্ট প্রমোশন রোড-শো’ শীর্ষক এক সম্মেলনে পবন চৌধুরীও স্বীকার করেন, ‘ব্র্যান্ডিং বা ইমেজ সঙ্কটের’ পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিনিয়োগে আকর্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থা সমন্বয়হীনতাও দায়ী বলে মনে করেন তিনি।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রধান সমস্যা হল জমি। তারপরও বেজা চেষ্টা করছে ভূমির ব্যবস্থা করার। এরই মধ্যে চীন ও জাপানের জন্য জমি বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। মিরসরাই ও ফেনীতে প্রায় ৩০ হাজার একর জমি পাওয়া গেছে। যেখানে শিল্প-কারখানা করা যাবে।”

১০ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে এসব অঞ্চলে এক কোটি লোকের কর্মসংস্থান হবে। এর মধ্যে ১০টির ভিত্তিস্থাপন প্রধানমন্ত্রী আগামী মাসে এক দিনে করবেন বলে জানানর বেজার নির্বাহী চেয়ারম্যান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, “বেজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করে দেবে সরকার। নারী উদ্যোক্তা গড়তে অর্থনৈতিক জোনে নারীদের জন্য বিশেষ অঞ্চল থাকবে।”

২০১০ সালে বেজা গঠনের পর বিনিয়োগবান্ধব অনেক আইন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, “বিনিয়োগকারীদের জন্য রপ্তানি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাদের জন্য সরকার আরও সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের সুবিধার জন্য সরকার ফোরজি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের সহযোগিতায় ৩/৪ মাসের মধ্যে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) নামে আলাদা প্রতিষ্ঠান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “গত এক দশকে গড়ে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির হাত ধরে বাংলাদেশের ক্রয়ক্ষমতা দিন দিন বাড়ছে।

“সামষ্টিক অর্থনীতিতে চলছে স্থিতিশীলতা। দেশে বিনিয়োগের দারুণ পরিবেশ বিরাজ করছে। সবমিলে বাংলাদেশে তৈরি হয়েছে বিশাল এক অভ্যন্তরীণ বাজার।”

বাংলাদেশে বিনিয়োগ করলে প্রতিবেশী ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডের বাজারও ধরা সম্ভব মন্তব্য করে তিনি বলেন, “কারণ ইতোমধ্যে চীনের কুনমিং থেকে মিয়ানমার-বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নিয়ে চার দেশ কাজ শুরু করেছে। বাংলাদেশ সরকার শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিয়েছে।

এমন পরিবেশ বাংলাদেশে বিনিয়োগ করলে ‘শস্তা শ্রমের উৎপাদন’ নিয়ে আঞ্চলিক বাজারের পাশাপাশি বিশ্ববাজার ধরা সহজ বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক।

ভৌগলিক কারণে বিশ্বের অন্যান্য দেশের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ- মন্তব্য করে অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি বিজিএমইএ সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, “বিনিয়োগের জন্যও বাংলাদেশ আদর্শ জায়গা। তারপরও এখানে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না।  

“কারণ এদেশে ওয়ান স্টপ সার্ভিস নেই, অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, ব্যাংক ঋণের সুদের হার উচ্চ এবং রাজনৈতিক অস্থিরতা।”

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। এটি করা সম্ভব যদি বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা যায়।

সুদ হার কমাতে বিজিএমইএর দাবির বিষয়ে অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, “সরকার সুদের হার ঠিক করতে পারে না। এটা ব্যবসায়ীদেরই ঠিক করতে হবে।”