২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারি সব অফিস ই-টেন্ডারিংয়ের আওতায় আসবে এবছরই’

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সরকারের সব ক্রয় কার্যক্রম বৈদ্যুতিক প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

শনিবার রাজধানীতে ‘ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুসন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

“সরকারের সকল কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ই-টেন্ডারিং নিশ্চিত করা হবে। দেশের সব নাগরিককে ব্যাংকিং সেবার আওতায় আনতে এটা খুবই গুরুত্বপূর্ণ।

“এ প্রক্রিয়ার মাধ্যমে সরকারের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

দেশের পাঁচ হাজার ডাকঘরকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সব ধরনের লেনদেন ব্যাংকিংয়ের আওতায় আনার প্রস্তাব দেন মূখ্য সচিব।

“সরকারের একটি বাড়ি একটি খামার, কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকাসহ সকল লেনদেন ব্যাংকিয়ের আওতায় আনা আনা যায়।”

এছাড়া ব্যাংকের মাধ্যমে সবার জন্য একটি সঞ্চয় পদ্ধতি চালু করারও প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, “আমাদের অর্থনীতি ক্রমেই পরিপক্ক আচরণ করছে। এর ফলে আমরা অর্থনীতির পরিধি আরও বিস্তৃত করতে পারব।

“তারই ধারাবিহকতায় আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা সহজ করছি। যেমন: কৃষককে ব্যাংকের আওতায় আনা, মোবাইল ব্যাংকিং, নারী উদ্যোক্তা তৈরি ও সবুজ অর্থনীতিতে অর্থায়নসহ বিভিন্ন পদক্ষেপ আমাদের প্রবৃদ্ধির মান বৃদ্ধি করছে।

“সরকার প্রান্তিক ও ঝুকিপূর্ণ মানুষের জন্যও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপও অর্থনীতিতে ইতিবাচক ফল বয়ে আনবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, মোবাইল ব্যাংকিং দেশের আর্থিক খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

“এখন দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক ৫৩৭ কোটি টাকা লেনদেন হচ্ছে।”

পুরনো খবর:

স্থানীয় সরকারের সব অফিসে ই-টেন্ডারিং চালুর নির্দেশ