চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৬.৫৫%
চূড়ান্ত হিসাবে গত অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৫৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জিত হয়েছে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আগের হিসাবের চেয়ে বেশি।
নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো বলেছিল, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বিবিএস গত অর্থবছরের প্রাথমিক হিসাবে ৬ দশমিক ৫১ ভাগ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে হিসাব করেছিল। শেষ পর্য়ন্ত চূড়ান্ত হিসাবে তা বেড়ে ৬ দশমিক ৫৫ শতাংশ হলো।”
মন্ত্রী বলেন, গত অর্থবছরের প্রথম কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ব্যবসা বাণিজ্যের তেমন ক্ষতি হয়নি।
“শিল্প-কারখানা এক দিনের জন্যও বন্ধ থাকেনি। তাই ওই অস্থিরতা প্রবৃদ্ধি বাড়াতে বাধা হয়ে দাড়াতে পারেনি।”
সব মিলিয়ে গত অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধিসহ ‘সামষ্টিক অর্থনীতির সকল ক্ষেত্রে’ উন্নতি হওয়ায় প্রবৃদ্ধি বেড়েছে বলে মুস্তফা কামালের মত।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছিল। রাজনৈতিক সহিংসতার কারণে পরে তা ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।
সে হিসাবে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে গত অর্থবছরে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।
রাজধানীর শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে বিবিএসের হালনাগাদ তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরে স্থির মূল্যে জিডিপির মোট আকার (মোট দেশজ উৎপাদন) দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২৫ হাজার কোটি টাকা।
২০১৩-১৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৬ শতাংশ। ওই অর্থবছরে স্থির মূল্যে জিডিপির আকার ছিল ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকা।
২০১২-১৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০১ শতাংশ। তার আগের বছরে অর্থ্যাৎ ২০১১-১২ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫২ শতাংশ।
