২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের সাড়ে তিনশ কোটি টাকার কাজ পাচ্ছে ৩ কোম্পানি

রেলের উন্নয়নে সাড়ে তিনশ কোটি টাকার তিন প্রকল্পে ঠিকাদার ও পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

এর মধ্যে আখাউড়া-লাকসাম রেলপথের ৭২ কিলোমিটার অংশে বিদ্যমান রেললাইনকে ডুয়ালগেজে রূপান্তর এবং পাশে আরেকটি ডুয়ালগেজ রেললাইন নির্মাণ প্রকল্পে পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ার দোওহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এ কাজের জন্য তারা ২৩১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৯৩ টাকা পাবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুরনো লাইনের পাশেই নতুন ডুয়ালগেজ লাইন বসানোর প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ পেয়েছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড’। ১১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ২৩৮ টাকায় প্রতিষ্ঠানটি এ কাজ করবে। 

এছাড়া ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ঠিকদারি কাজ পেয়েছে তমা কনস্ট্রাকশন লিমিটেড। এ কাজে তারা পাবে ১০৮ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭২১ টাকা।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, ৫৪০ কোটি টাকার মোট ছয়টি ক্রয় প্রস্তাব এদিন মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।

রেলের উন্নয়নের তিনটি প্রকল্পই রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বাকি তিন প্রকল্পের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন ‘ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ প্রকল্পের ব্যয় বাড়ায় ঠিকাদারি দায়িত্বে থাকা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে অতিরিক্ত কার্যাদেশের মাধ্যমে আরও দুই কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৫০৯ টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং ২৫১ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৯৫১ টাকায় এ প্রকল্পের কাজ পেয়েছিল জানিয়ে মাকসুদুর বলেন, তারা এখন পাবে ২৫৪ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৪৬০ টাকা।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি সার্ভিসের জন্য ১৬৮ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকায় ‘হাই-পয়েন্ট রেন্ডেল ইউকে অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এর সঙ্গে চুক্তিও ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।

এছাড়া ঢাকা-আশুলিয়া এবং ইস্ট-ওয়েস্ট এলিভিটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সম্ভব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এসএনইসি ইন্টারন্যাশনালকে ১৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫৭২ টাকায় পরামর্শক হিসেবে নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।

এ বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যাত্রাবাড়ি-সুলতানা কামাল সেতু-তারাবো মহাসড়ক চারলেনে উন্নীতের পরিবর্তে হাতিরঝিল-(রামপুরা সেতু)-বনশ্রী-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) পিপিপিতে উন্নীতকরণ প্রকল্পে নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে মাকসুদুর রহমান জানান।