প্রাথমিক শিক্ষার উন্নয়নে ১০ কোটি ডলার
প্রাথমিক শিক্ষার উন্নয়নে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত ১০ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।
বিশ্ব ব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ট্রাস্ট ফান্ড থেকে এ অর্থ দেওয়া হচ্ছে।
শিক্ষার উন্নয়নে বাংলাদেশে চলমান ‘তৃতীয় প্রাথমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৩)’ এ অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
ইআরডির অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ইফফাত শরিফ চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, অনুদানের এ অর্থ শিক্ষার ক্ষেত্রে সামাজিক বৈষম্য দূরীকরণে প্রাথমিক বিদ্যালয় গমন উপযোগী সব ছেলেমেয়ে জন্য ব্যয় করা হবে। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং পাঁচ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা সম্পন্নকরণ, শিক্ষার্থীদের সার্বিক গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক শিক্ষায় সম্পদের সর্বোত্তম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহার করা হবে।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হয় ২০১১ সালে। এ কর্মসূচি ২০১৭ সাল পর্যন্ত চলবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বাস্তবায়ন করছে।এসব কার্যক্রমে অর্থ ব্যয় তদারকি করে বিশ্ব ব্যাংক।
