মহিষ খামারিদের ঋণ দিতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
মহিষ পালনে বেশি করে ঋণ বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ।
এক্ষেত্রে ঋণের পরিমাণ ও মেয়াদ নিরূপণ এবং পরিশোধসূচি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে।
প্রয়োজনবোধে প্রানিসম্পদ অধিদপ্তরের জেলা বা উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ বা পরামর্শ নেওয়া যাবে।
মহিষ পালনের জন্য বিতরণ করা ঋণ ব্যাংকের কৃষিঋণ হিসাবে অন্তর্ভুক্ত হবে।
সার্কুলারে বলা হয়েছে, “সারা দেশে মহিষ পালনে ব্যাপক সম্ভাবনা থাকার পরও এ উপখাতে ঋণ বিতরণের পরিমাণ কম। এ প্রেক্ষিতে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুসারে চর ও হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও খামারিদেরকে মহিষ পালনে বেশি করে কৃষিঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রানিসম্পদ নীতিমালা বাস্তবায়ন ও উদ্দেশ্য অর্জনে ব্যাংকগুলোকে প্রানিসম্পদ খাতের উন্নয়নে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্যান্য গৃহপালিত প্রাণীর পাশাপাশি মহিষ পালনে কৃষিঋণ বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
