২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে পুরুষ শ্রমিক পাঠানোর ‘বাধা’ কাটলো

বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেওয়ার ওপর আরোপিত ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার।

তিনি বলেন, নারী শ্রমিক পাঠানো উৎসাহিত করতে সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

“গত বছর সই হওয়া একটি চুক্তির আওতায় আমরা ২০ হাজার শ্রমিক সৌদি আরবে পাঠিয়েছি। এখন তারা ওই অনানুষ্ঠানিক বাধা তুলে নিয়েছে।”

অভিবাসন ও উন্নয়ন বিষয়ে বৈশ্বিক ফোরামে (জিএফএমডি) বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার কথা জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

দেশের লাখ লাখ মানুষ বিদেশে প্রবাসী থাকায় তাদের অধিকার রক্ষার জন্য জিএফএমডি নামের এই ফোরাম নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহ রয়েছে।

১ জানুয়ারি বাংলাদেশ একবছরের জন্য এ বৈশ্বিক ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে। আগামী বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে জার্মানির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সৌদি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে মঙ্গলবার দেশটিতে তিন দিনের সফরে যাবেন।

সৌদি আরবে বাংলাদেশের যে কোনো সরকারি সফরে শ্রম বিষয়টি সব সময় প্রাধান্য পেলেও এর মধ্যে দেশটির নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী সামরিক জোটে বাংলাদেশ যোগ দেওয়ায় সফরের আলোচনা নিয়ে ভিন্ন গুঞ্জন রয়েছে।

সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, এই সফরের পরিকল্পনা অনেক আগের। তবে সামরিক জোট ও ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

“দুই মন্ত্রী বরাবরের মতোই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।”

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামী ৬ জানুয়ারি রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মাহমুদ আলী।

জেদ্দায় ওআইসির মহাসচিবের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

সফরসূচি অনুয়ায়ী, আগামী ৮ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে বিবৃতিতে বলা হয়।