২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্র ও চামড়া শিল্পের জন্য হচ্ছে বৈদেশিক মুদ্রার তহবিল

বৈদেশিক মুদ্রার মজুদ থেকে বস্ত্র ও চামড়া শিল্পের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

২০ কোটি ডলারের এই তহবিল গঠনে ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভংকর সাহা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুভংকর বলেন, “বস্ত্র ও চামড়া শিল্পের পরিবেশ বান্ধব বিনিয়োগের জন্য এই তহবিল গঠন করা হচ্ছে। এই তহবিল থেকে দীর্ঘ মেয়াদে বস্ত্র ও চামড়া শিল্পে অর্থায়ন করা হবে।

"উদ্যোক্তারা এই তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে নতুন বিনিয়োগের পাশাপাশি চলমান কারখানাকে পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিতে পারবেন।”

কিছুদিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ পরিচালনা পর্ষদে এই তহবিল গঠনের প্রস্তাব তোলে।

ওই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এর আগে শিল্প খাতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় ৩৫ কোটি ডলারের একটি তহবিল করা হয়।

"এবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকেই এই ২০ কোটি ডলারের তহবিল গঠন করা হচ্ছে।”

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২৭ বিলিয়ন ডলারের বেশি। ২০১৫ সালের ২৯ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো এই মাইলফলক স্পর্শ করে।

তবে মাঝে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধ করার পর বৈদেশিক মুদ্রার সঞ্চয়নের এই পরিমাণ কমে ২৬ বিলিয়নে দাঁড়ালেও ১৪ ডিসেম্বর তা আবারও ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়।

বস্ত্র ও চামড়া শিল্পের জন্য বৈদেশিক মুদ্রার এই তহবিল থেকে ঋণের বিপরীতে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিতে হবে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ওই কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরও বলেন, "কোন ব্যাংকের মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে তা নির্ধারণ করা হবে ওই ব্যাংকের খেলাপি ঋণের হার দেখে।

"যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের কম, সেই ব্যাংকের মাধ্যমে এই তহবিল উদ্যোক্তা পর্যায়ে বিতরণ করা হবে।”

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের শিল্প খাতে দীর্ঘ মেয়াদে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় একটি তহবিল গঠন করেছে।

২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে ৩৫ কোটি ডলারের ওই তহবিলের নীতিমালা ঘোষণা করে। ওই তহবিল থেকে ঋণ বিতরণের জন্য ইতোমধ্যে ১৬টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

পুরনো খবর:

রিজার্ভ ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
ট্যানারি স্থানান্তরে আরও সময় দিচ্ছে সরকার
ঢাকার বস্ত্র কারখানার জন্য পানগাঁও আইসিটি