ট্যানারি স্থানান্তরে আরও সময় দিচ্ছে সরকার
হাজারীবাগের সব চামড়া কারখানা সাভারে নির্মাণাধীন ‘চামড়া শিল্পনগরীতে’ স্থানান্তরে ট্যানারি মালিকদের আরও সময় দিতে যাচ্ছে সরকার।
ছয়জন মন্ত্রীকে নিয়ে বুধবার সচিবালয়ে এক টাস্কফোর্সের সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, “ডিসেম্বরের মধ্যেই হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের কথা থাকলেও শিল্প মন্ত্রণালয়ই বলেছে, এই সময়ের মধ্যে তা সম্ভব হবে না।”
শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ট্যানারি মালিকদের কারখানা স্থানান্তরে আগামী জুলাই মাস পর্যন্ত ‘ডেডলাইন’ নির্ধারণ করে দেওয়া হতে পারে বলেও জানান টাস্কফোর্সের সভাপতি শাহজাহান খান।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদীর নাব্য ও গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ২৯তম সভায় চামড়া কারখানা স্থানান্তর নিয়ে আলোচনা হয়।
সাভারের চামড়া শিল্প নগরীতে ইতোমধ্যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্টের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, “যারা এখনও সিইটিপির কাজ শেষ করেননি, শিল্প মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
মন্ত্রী বলেন, হাজারীবাগের জমির মালিকানা ট্যানারি মালিকদের হাতেই থাকবে। তবে সেখানে তারা এই ব্যবসা করতে পারবেন না।
যেসব ট্যানারি মালিক সরকারি জমিতে এই ব্যবসা করতেন ওইসব জমি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি।
অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক গত ২৬ জানুয়ারি জানিয়েছিলেন, এ বছরের জুন মাসের মধ্যে চামড়া কারখানাগুলো সাভারে স্থানান্তরিত হবে।
গত ২৪ জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই’ ট্যানারি মালিকদের সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীতে কারখানা সরিয়ে নিতে বলা হয়েছে।
২৬ বছরেও ‘সাদা’ হতে পারেনি হাজারিবাগ
জুলাই মাস চলে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এ বছরের ডিসেম্বরের মধ্যেই সবগুলো ট্যানারি সাভারে স্থানান্তরিত হবে।
হাজারীবাগ থেকে ট্যানারিগুলো স্থানান্তরে সরকারের পক্ষ থেকে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এছাড়া শিল্পনগরীতে স্থানান্তরিত ট্যানারিগুলোর জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
২০০৯ সালের জুনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনে হাই কোর্ট হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।
বর্তমানে ২২০টি ট্যানারি, তিন হাজার ৫০০টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ১১০টি বৃহৎ শিল্প থেকে প্রতি বছর প্রায় ২৫ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হচ্ছে। এই শিল্পে প্রায় ৭০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
হাজারীবাগের ১৯৪টি ট্যানারির মধ্যে ১৫৪টি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের এই প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত হচ্ছে।
সাভারের হেমায়েতপুরের হরিনধারায় চামড়া শিল্পনগরীতে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। পাঁচ বিলিয়ন টাকার এই প্রকল্প ২০০৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের দরপত্র নিয়ে জটিলতায় তা প্রথম দফায় ২০১০ এবং ট্যানারি মালিকদের ক্ষতিপূরণের দাবির কারণে এই সময়সীমা ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাংসদ সানজিদা খানম ছাড়াও সভায় র্যাব, পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
