হাজারীবাগের ট্যানারি স্থানান্তর ‘নির্দিষ্ট সময়েই’
‘নির্দিষ্ট সময়ের মধ্যেই’ ট্যানারি মালিকদের সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীতে কারখানা সরিয়ে নিতে বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ‘পোশাক শিল্পের পরেই চামড়া ও চামড়াজাত পণ্য’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, “এটা জাতীয় স্বার্থ। নির্ধারিত সময়ের মধ্যেই ট্যানারি সরিয়ে আনতে হবে। সময়সীমার পরে হাজারীবাগে একটি ট্যানারিও রাখা হবে না।”
যারা তা করবে না, হাজারীবাগে তার স্থাপনা সরিয়ে ফেলার পাশাপাশি সাভারে চামড়া শিল্পনগরীতে তার নামে বরাদ্দ করা প্লটও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী জানান, সাভারে চামড়া শিল্পনগরীতে বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সেখানে বরাদ্দ পাওয়া ১৫৫টি ট্যানারির মধ্যে ১৫২টির ‘লেআউট প্ল্যান’ জমা পড়েছে এবং সবগুলোই অনুমোদন পেয়েছে। অনুমোদিত নকশা অনুসারে ১৪৫টি ট্যানারির কাজ শুরু হয়েছে।
চামড়া শিল্পকে পরিবেশবান্ধব করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ইইউসহ আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে চামড়া শিল্পের কমপ্লায়েন্স ইস্যুতে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে সবুজ চামড়া শিল্প গড়ে তোলা এ মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে।”
আমু জানান, বর্তমানে ২২০ টি ট্যানারি, ৩ হাজার ৫০০টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ১১০টি বৃহৎ শিল্প থেকে প্রতি বছর প্রায় ২৫ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হচ্ছে। এই শিল্পে প্রায় ৭০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
“২০১৩-১৪ অর্থবছরে এক দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারের চামড়াপণ্য রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩২ দশমিক ১২ ভাগ বেশি।”
হাজারীবাগের ১৯৪টি ট্যানারির মধ্যে ১৫৪টি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের এই প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত হচ্ছে।
৫ বিলিয়ন টাকার এই প্রকল্প ২০০৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের দরপত্র নিয়ে জটিলতায় তা প্রথম দফায় ২০১০ পর্যন্ত এবং ট্যানারি মালিকদের ক্ষতিপূরণের দাবির কারণে এই সময়সীমা ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ গত বছরের ২২ মে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে হাজারীবাগ ট্যানারিমুক্ত করা হবে।
২০০৯ সালের জুনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনে হাই কোর্ট হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।
