সাভারে স্থানান্তরিত ট্যানারির জন্য বিশেষ সুবিধা
সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত ট্যানারিগুলোর জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো গরুর মাংস বিক্রি। বন্ধ হয়ে গিয়েছিলো রাজধানীর হাজারিবাগের অধিকাংশ চামড়া প্রক্রিয়াকরণ কারখানা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ট্যানারি শ্রমিকরাও আবার ব্যস্ত হয়ে পড়েছে কাজে। সোমবার তোলা ছবি। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১৮, ২০১০
‘ব্লক’ অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের জন্য এক বছরের মরাটরিয়াম সুবিধাসহ পরিশোধের জন্য পরবর্তী সর্বোচ্চ আট বছর সময় দেওয়া হবে।
স্থানান্তরিত ঋণের উপর ১০ শতাংশ অথবা ‘কস্ট অব ফান্ড’- এ দুইয়ের মধ্যে তুলনামূলক কম হারে সুদ আদায়যোগ্য হবে।
ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের প্রযোজ্য ক্ষেত্রে অনারোপিত সুদ, স্থগিত সুদ খাতে রক্ষিত সুদ এবং দণ্ড সুদ মওকুফ (সম্পূর্ণ বা আংশিক) করা যাবে। এক্ষেত্রে মূল ঋণ এবং মামলা খরচ মওকুফ করা যাবে না।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে, ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ পর্যায়ে সাভারে স্থানান্তরাধীন যে সকল ট্যানারিগুলোর ব্যাংকঋণ সংক্রান্ত সমস্যা এখনও অনিষ্পন্ন রয়েছে সেগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সে কারণে যে সকল ট্যানারি সাভার চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করে ব্যবসা অব্যাহত রাখবে সে সব ট্যানারি এই ‘বিশেষ’ সুবিধা পাবে।
সাভারে স্থানান্তরিত ট্যানারিগুলোর নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত ঘাটতি থাকলে গ্রাহক নতুন জামানত প্রদান করবে।
এছাড়া ট্যানারি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান বন্ধকী সম্পত্তির বিপরীতে সমমূল্যের সহায়ক জামানত দেওয়া হলে বন্ধকী সম্পত্তি ছাড় করা যাবে।
রপ্তানি বাণিজ্যে নিয়োজিত ট্যানারিগুলোর ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণপ্রাপ্তির ক্ষেত্রে প্রচলিত ডাউন পেমেন্ট শিথিল করার বিষয়টি পর্ষদ বিবেচনা করতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে কেইস-টু-কেইস ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা যেতে পারে।
ব্লক ঋণ হিসেবে স্থানান্তরিত/পুনঃতফসীলকৃত ঋণ রপ্তানি বিল হতে সমন্বয় করা যেতে পারে। রপ্তানি বিল হতে ঋণের কিস্তি পরিশোধ সম্ভব না হলে ঋণ গ্রহীতা নিজস্ব উৎস হতে পরিশোধ করবে।
নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিংয়ের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে এবং ব্যাংক তার প্রচলিত নিয়মে ঋণ আদায় নিশ্চিত করবে।
যে সব ট্যানারির বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো সোলেনামার ভিত্তিতে নিষ্পত্তি করা যেতে পারে। স্থানান্তরিত/স্থানান্তরাধীন ট্যানারিগুলোর যে সকল ঋণ হিসাব ইতোমধ্যে পুনঃতফসিলকরণ হয়েছে সে সকল ঋণ হিসাবের জন্যও এ সুবিধা প্রযোজ্য হবে।
ছয় মাসের মধ্যে ঋণগ্রহীতাকে ট্যানারি কারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর বা স্থানান্তর কার্যক্রম শুরুর সপক্ষে প্রমাণাদি ও প্রাসঙ্গিক কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।
ট্যানারি কারখানা স্থানান্তর/স্থানান্তর কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের সন্তুষ্টি সাপেক্ষে এসব সুবিধা বিবেচনা করা হবে।
