ঢাকার বস্ত্র কারখানার জন্য পানগাঁও আইসিটি
ঢাকাসহ আশপাশের বস্ত্র শিল্পের জন্য মূলধনী যন্ত্রপাতি ও তুলা আমদানিতে নারায়ণগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পানগাঁও আইসিটি) ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।
রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে জানিয়ে দিয়েছে।
সার্কুলারে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় পানগাঁও আইসিটির কার্যক্রমে গতিশীলতা আনতে ও আমদানিকারকদের চাহিদা পর্যালোচনাপূর্বক চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা সুতা এবং ক্যাপিট্যাল মেশিনারির কমপক্ষে ২০ শতাংশ পানগাঁও বন্দর দিয়ে খালাস বাধ্যতামূলক করেছে। ২০১৬ সালের মার্চ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
তারপর থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এই বন্দর দিয়ে বস্ত্র শিল্পের ৪০ শতাংশ মূলধনী যন্ত্রপাতি এবং তুলা আমদানি করতে হবে।
ঢাকা ও এর আশপাশে অবস্থিত টেক্সটাইল মিলে ব্যবহারের জন্য আমদানি করা ক্যাপিটাল মেশিনারি এবং তুলা আমদানিতে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সার্কুলারে।
