২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও বেশি ঋণ নিতে পারবে বিটিএমএ'ভুক্ত স্পিনিং মিল

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য স্পিনিং মিলগুলোর জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ সীমা ৫০ লাখ ডলার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বাংলাদেশ ব্যাংক বুধবার এক সার্কুলার জারি করে এই ঋণ সীমা এক কোটি ৫০ লাখ ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার নির্ধারণের ঘোষণা দেয়।

যেসব স্পিনিং মিল তুলা আমদানি করে সুতা তৈরি করে তারা এই ঋণ সুবিধা পাবে।

রপ্তানি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন করেছে, যাতে ২০০ কোটি ডলার রয়েছে।

প্রধানত ব্যাক টু ব্যাক এলসিতে এই তহবিল থেকে ঋণ দেওয়া হয়ে থাকে। তহবিলের ঋণের সুদ হার লাইবর'র (লন্ডন ইন্টারব্যাংক অফারড রেট-লন্ডনে আন্তঃব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার) সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ।   

ইডিএফ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৈরি পোশাক শিল্পের ব্যাংকওয়ার্ড লিংকেজ শিল্পকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।”

“তুলা আমদানিতে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম প্রধান দেশ। বিটিএমএর সদস্য স্পিনিং মিলগুলো বাল্ক ইমপোর্ট করে। তাদের ফান্ডের চাহিদা বেশি।"

বিটিএমএ সদস্যভুক্ত স্পিনিং মিলগুলো যাতে সহজে আমদানি করতে পারে সেজন্য ঋণ সীমা বাড়ানো হয়েছে বলে জানান কাজী ছাইদুর।

বর্তমানে তুলা থেকে সুতা তৈরি করে এরকম ৪০৭টি স্পিনিং মিল বিটিএমএ'র সদস্য।