বিদ্যুৎ প্রকল্পে সাড়ে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি
দেশের বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নে ২০ কোটি ৫০ লাখ ডলার অর্থ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৬০০ কোটি টাকা।
পাঁচ বছরের রেয়াতকালসহ লন্ডনের আন্তঃব্যাংক সুদ হারের সঙ্গে শুন্য দশমিক ১০ শতাংশ হারে প্রিমিয়াম ও অব্যয়িত অর্থের ওপর শুন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিয়ে ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
স্বাক্ষরের পর ইআরডি সচিব বলেন, 'পাওয়ার সিস্টেম এক্সপানশন অ্যান্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (তৃতীয় পর্যায়)' শীর্ষক একটি কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।
এই কর্মসূচির মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ডলার।
এডিবির এই অর্থের বাইরে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) দেবে ২২ কোটি ডলার। আর অবশিষ্ট ১০ কোটি ৫০ লাখ ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে বলে জানান মোহাম্মদ মেজবাহউদ্দিন।
ইআরডি সচিব জানান, এ কর্মসূচির আওতায় আশুগঞ্জ ২২০ মেগাওয়াট গ্যাস টার্বাইন বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ৪০০ মেগাওয়াটে উন্নীত করা করা হবে।
এছাড়া ঢাকা বিভাগে সাত লাখ প্রিপেইড বিদ্যুৎ মিটার সরবরাহ এবং কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা হবে।
