২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি ব্যবস্থাপনায় সাড়ে ৪ কোটি ডলার দেবে এডিবি

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় নেওয়া প্রকল্পে সাড়ে চার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:57 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

‘সাউথ ওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।

প্রকল্পে ৭০ লাখ ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস সরকার। ঋণ ও অনুদান মিলে প্রকল্পটিতে মোট সহায়তা পাওয়া যাচ্ছে পাঁচ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অুনযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪১৬ কোটি টাকা।

এ বিষয়ে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে রোববার এক অনুষ্ঠানে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবি ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ছয় কোটি ৩৭ লাখ ডলার ব্যয় ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চল সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এতে নেদারল্যান্ডস সরকার ও এডিবির সহায়তা ছাড়া বাংলাদেশ সরকারের তহবিল থেকে প্রায় এক কোটি ১৭ লাখ ডলার ব্যয় করতে হবে।

সহজ শর্তে এশীয় উন্নয়ন তহবিল (এডিএফ) থেকে এ ঋণ দিচ্ছে এডিবি। পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এ ঋণের জন্য ২ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।

প্রকল্পের আওতায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাঁচ জেলার ১৬ উপজেলায় বাস্তবায়ন করা হবে ১১টি উপ-প্রকল্প।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশি মুদ্রায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪৮২ কোটি টাকা।

পানি সম্পদ মন্ত্রণালয় প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ করতে ২০২২ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।