ছয় প্রকল্পে জাপান দিচ্ছে ৮৬৬০ কোটি টাকা
বিদ্যুৎ, অবকাঠামো, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের ছয় প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ৮ হাজার ৬৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান।
জাপানি মুদ্রার হিসেবে (১৩ হাজার ৩২৬ কোটি ৫০ লাখ ইয়েন) বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় জাপানি ঋণ বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
রোববার এনইসি সম্মেলন কক্ষে জাপান সরকার ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাইকার পক্ষে আবাসিক মিকিও হাতায়েদা এ চুক্তিতে সই করেন।
এই ঋণের জন্য বার্ষিক সুদের হার হবে মাত্র ০.০১ শতাংশ। ঋণ শোধ করতে হবে ৪০ বছরে। ঋণ চুক্তিতে রেয়াতকাল ধরা হয়েছে ১০ বছর; অর্থাৎ চুক্তির প্রথম দশ বছর পর থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে।
মেজবাহউদ্দিন অনুষ্ঠানে বলেন, “জাপানি এই সহায়তা আমাদের অর্থনীতিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের অনেক বিনিয়োগ দরকার।”
অনুষ্ঠানে উপস্থিত জাপানি রাষ্ট্রদূত বলেন, “জাপানি মুদ্রার হিসেবে এটাই বাংলাদেশকে দেওয়া জাপানের সবচেয়ে বড় ঋণ সহায়তা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় জাপান সরকার পাঁচ বছরে ছয় বিলিয়ন ডলারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই প্রতিফলন।”
এবারের প্যাকেজের আওতায় প্রধামন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে নেওয়া ‘বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্পে’ অর্থায়ন করা হবে প্রায় এক হাজার ২৯ কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগের নেওয়া ‘ঢাকা-চট্টগ্রাম প্রধান বিদ্যুৎ গ্রিড শক্তিশালীকরণ প্রকল্প’ এই প্যাকেজ থেকে ২ হাজার ৮৪৪ কোটি টাকা পাবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘পশ্চিমাঞ্চল সেতু উন্নয়ন প্রকল্পে’ দেওয়া হবে ১ হাজার ৯০৭ কোটি টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘মেটারনাল, নিওনাটাল অ্যান্ড চাইল্ড হেলথ অ্যান্ড সিস্টেম ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এ দেওয়া হবে ১ হাজার ১৩৮ কোটি টাকা।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া ‘আরবান বিল্ডিং সেফটি প্রোজেক্ট’ ৭৮৫ কোটি টাকা এবং স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট’ ৯৫৭ কোটি টাকা পাবে এই প্যাকেজ থেকে।
