২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিআর-পিওএস ব্যবহার নিশ্চিতের উদ্যোগ এনবিআরের

১৫ জানুয়ারির মধ্যে সব সিটি করপোরেশন ও জেলা শহরের বড় থেকে মাঝারী ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন বা ফিসক্যাল প্রিন্টারসহ পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:18 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

রাজস্ব আদায় বাড়ানো ও ভ্যাট পরিশোধ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মাঠ পর্যায়ের কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে রাজস্ব আদায় বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভ্যাট আদায় কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য দেশের সব সিটি করপোরেশন ও জেলা শহরের মাঝারী ও বড় সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআর বা পিওএস বসানো ও ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

“ভ্যাট আদায় নিশ্চিত করার ও রাজস্ব সুরক্ষার স্বার্থে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে ইসিআর বা পিওএস স্থাপন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্যাট ফাঁকি প্রতিরোধে ২০০৮ সালে মাঝারী ও বড় ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআর বা পিওএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেসময় সারা দেশে ইসিআর বা পিওএস বসানোর উপযোগী ৮ হাজার প্রতিষ্ঠান ছিল।

তবে ব্যবসায়ীদের ‘অসহযোগিতায়’ এই উদ্যোগ সফল হয়নি। কোনো কোনো প্রতিষ্ঠানে ইসিআর বা পিওএস বসানো হলেও ঠিকমতো ভ্যাট আদায় সম্ভব হয়নি।

সম্প্রতি প্রকাশিত এনবিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে যেসব প্রতিষ্ঠান ইসিআর বা পিওএস বসানোর উপযোগী বলে ধরা হয় তার ৩৫ শতাংশ বা ২ হাজার ৮০০টি প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে। তবে যারা ইসিআর বা পিওএস স্থাপন করেছে তারা সবাই তা ব্যবহার করছে না।    

এতদিন পরে এসে হঠাৎ করে সব প্রতিষ্ঠানে একযোগে ইসিআর বা পিওএস বসানো সম্ভব কিনা- জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, “অনেকেই ভ্যাট আদায় করছে। কিন্তু সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। এসব ভ্যাট ফাঁকির অর্থ পাচারও হচ্ছে।

“আমরা ভ্যাট অনলাইন প্রকল্প চালু করেছি। এর সাথে ইসিআর বা পিওএসও চালু করতে চাচ্ছি। আশা করি, সবাই সহযোগিতা করবে।”