২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সার্ক পেমেন্ট কাউন্সিলের বৈঠক শুরু

রেমিটেন্স পাঠানোর খরচ কমিয়ে ব্যাংকিং সেবার বাইরে থাকা বিপুল সংখ্যক মানুষকে এর আওতায় আনার উপর গুরুত্বারোপ করে সার্ক পেমেন্ট কাউন্সিলের দুই দিনের বৈঠক কক্সবাজারে শুরু হয়েছে।

আবদুর রহিম হারমাছি

কক্সবাজার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 04:36 PM

বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সি রয়েল টিউলিপ পার্লে বৈঠক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আতিউর রহমান বলেন, সার্ক গতিশীল না হলেও সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বেশ গতিশীল। নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছে। একে অন্যের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।

“আট দেশের কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ কর্মকর্তারা ব্যাংক লেনদেনে প্রক্রিয়া সহজ এবং সমন্বিত করার উপায় নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছেন। এবারের বৈঠকে গুরুত্ব পাচ্ছে রেমিটেন্স পাঠানোর খরচ সহজ এবং সাশ্রয়ী করে ব্যাংকিং সেবার বাইরে থাকা বিপুল মানুষকে আর্থিক অর্ন্তভুক্তিতে নিয়ে আসার বিষয়টি।”

লেনদেনের আধুনিকতম প্রযুক্তি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস চালু হওয়ায় এখন সবার জন্য সার্ক পেমেন্ট প্লাটফর্ম চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

উদাহরণ দিয়ে তিনি বলেন, মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ এর মাধ্যমে বাংলাদেশে এখন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। রেমিটেন্স আনাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্ভব।

“সিঙ্গাপুরে বিকাশের কার্যক্রম থাকলে সেখান থেকেও আমাদের প্রবাসীরা এর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন। এর ফলে একদিকে যেমন কম খরচে-অল্প সময়ে রেমিটেন্স আসবে; অন্যদিকে হুন্ডিও হবে না।”

বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের সাফল্যের কথা তুলে ধরে আতিউর বলেন, লেনদেনের চিরাচরিত পদ্ধতির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং নিয়েও অভিজ্ঞতা বিনিময় করতে হবে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হারুন রশিদ খান বলেন, “বৈঠকে পেমেন্ট সিস্টেম এবং পেমেন্ট সিস্টেমের বাইরের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আলোচনা হবে। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এটা একটা সুযোগ।”

২০০৭ সালে শ্রীলংকায় সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে সার্ক পেমেন্ট কাউন্সিলের যাত্রা শুরু হয়।

উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে দ্রুতগতিতে অর্থ লেনদেন অবকাঠামো গড়ে তোলা।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের ডেপুটি গভর্নর সাঈদ আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক পেমেন্ট কাউন্সিলকে সক্রিয় করতে পারস্পরিক আস্থা এবং যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাও বক্তব্য রাখেন অনুষ্ঠানে।

শুক্রবার শেষ হবে সার্ক পেমেন্ট কাউন্সিলের এই  বৈঠক।