২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোকে ধাতব মুদ্রা নিতে নির্দেশনা

ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের থেকে ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:42 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

ব্যাংকগুলোর বিরুদ্ধে ধাতব মুদ্রা না নেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে রোববার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেয়।

এতে বলা হয়েছে, “বিভিন্ন উৎস থেকে জানা যাচ্ছে যে, ব্যাংকের শাখাগুলো জনসাধারণের থেকে ধাতব মুদ্রা গ্রহণ বা অনেক ক্ষেত্রে জনসাধারণের মাঝে ধাতব মুদ্রা বিতরণও করছে না। ফলে ধাতব মুদ্রা বিনিময়ে জনসাধারণ বিড়ম্বনার শিকার হচ্ছে, যা স্বাভাবিক লেনদেনের বিঘ্ন সৃষ্টি করছে।”  

সম্প্রতি যশোর, বগুড়া, সিলেট, খুলনা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে যে ব্যাংকগুলো ধাতব মুদ্রা নিচ্ছে না, আবার ছোট মানের ছেড়া ফাটা নোটও নিচ্ছে না। এতে গ্রাহকরা লেনদেনে সমস্যায় পড়ছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয়। ওই তদন্তেও কয়েন ও ছেড়া ফাটা নোট নেয়ার ক্ষেত্রে ব্যাংকের অনীহার প্রমাণ মেলে।

সার্কুলারে ব্যাংকের প্রত্যেকটি শাখায় কমপক্ষে ১, ২ ও ৫ টাকার ১০ হাজার পিস করে ধাতব মুদ্রা এবং স্থানীয় কার্যালয় ও অন্যান্য বড় শাখায় ৩০ হাজার পিস করে ধাতব মুদ্রা রাখতে বলা হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর ছেঁড়া নোট ও ধাতব মুদ্রার পাশাপাশি ছোট-বড় সব ধরনের নোট নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।