২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কাজে নিরাপত্তা চায় জাপান

বাংলাদেশে এক জাপানি নাগরিকের হত্যাকাণ্ডের পর বিদেশিদের সহায়তায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নিরাপত্তার উপর জোর দিয়েছে দেশটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী জাপানের এক কর্মকর্তা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক কিংগো তয়োদা বলেন, “উন্নয়ন অংশীদারদের সহযোগিতামূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে বাস্তবায়নের পূর্বশর্ত হল নিরাপত্তা।”

সকালে শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে দুদিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের অন্যতম শীর্ষ দাতা দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত বছর আরও পাঁচশ কোটি ডলারের সহায়তার ঘোষণা দেয়েছেন।

বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) এর আওতায় এই অর্থ দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় শিল্প অঞ্চল গড়ে তোলা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে তয়োদা বলেন, বিগ-বির আওতায় তাদের বাংলাদেশকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবেন। 

গত অক্টোবরে রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশির হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে।

তবে বাংলাদেশে জাপানি নাগরিকদের নিরাপত্তার জন্য সরকারের চলমান নিরাপত্তা প্রচেষ্টায় কৃতজ্ঞতা জানান দেশটির এই কর্মকর্তা।

‘এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে’ বলেও আশাপ্রকাশ করেন তিনি।

২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্য আয়ের দেশের পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে সহায়তার জন্য সরকার, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এই জাপানি কর্মকর্তা।