নেদারল্যান্ডসের অভিজ্ঞতায় ‘ডেল্টা কমিশন’: প্রধানমন্ত্রী
নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি নেদারল্যান্ডসে তিনদিনের সফরের অভিজ্ঞতা জানাতে রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই সফরের মধ্যে দিয়ে ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হওয়ার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।”
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ ২৫ জনের একটি প্রতিনিধি দলসহ ৩০ সদস্য বিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এ সফরে ছিলেন।
সফরের অভিজ্ঞতা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ‘ব’-দ্বীপ রাষ্ট্র। নেদারল্যান্ডস ‘ব’-দ্বীপ ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে অগ্রসরমান দেশ। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নের জন্য একটি ডেল্টা কমিশন ফান্ড গঠনের বিষয়টি বিবেচনা করছি। এ কমিশন পানি ব্যবস্থাপনা, সমুদ্র ও নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করবে।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “৭৫ এ আমি যখন জার্মানিতে যাই, আমার আব্বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে বলেছিলেন, ওরা কিভাবে নদী ও সমুদ্র ড্রেজিং এর মাধ্যমে ভূমি সংযোজন করছে তা যেন দেখে আসি। তখন একবার দেখার সুযোগ হয়েছিল...এবার যখন (নেদারল্যান্ডস) গেলাম, আরও গভীরভাবে দেখার সুযোগ হয়েছে।
“ওদের মাত্র চারটা বড় নদী। আমাদের বড় নদী আছে প্রায় ১২০০। শাখানদী, উপনদী মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার। আমাদের সুযোগ অনেক বেশি।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
“আয়তনের দিক থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের সাড়ে তিন ভাগের একভাগ। তা সত্ত্বেও কৃষিপণ্য রপ্তানিতে ওরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তাই কৃষিক্ষেত্রকে দুই দেশের সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
বাংলাদেশের কৃষি, শিল্প, অবকাঠামো ও পানিসম্পদ খাতকে নেদারল্যান্ডসের ব্যাবসায়ীরা বিনিয়োগের জন্য আকর্ষণীয় খাত হিসেবে চিহ্নিত করেছেন বলে প্রধানমন্ত্রী জানান।
জাতিসংঘ মহাসচিবের ‘ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ দূত নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা চলতি মাসে বাংলাদেশ সফরে আসবেন বলেও শেখ হাসিনা জানান।
